চুয়াডাঙ্গার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহারকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলি ও নতুন পদায়নের আদেশ দেওয়া হয়। তার স্থলাভিষিক্ত হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীর। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. আলমগীর কবীরকে (পরিচিতি নম্বর ১৬৭৯৫) এখন থেকে চুয়াডাঙ্গার ডিসি হিসেবে দায়িত্ব পালন করতে হবে। অন্যদিকে, লুৎফুন নাহারকে (পরিচিতি নম্বর ১৬১০৮) চুয়াডাঙ্গার জেলা প্রশাসকের দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (সংযুক্ত) হিসেবে নিযুক্ত করা হয়েছে।
গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে একটি সরকারি অনুষ্ঠানে বিতর্কের সূত্রপাত হয়।
অভিযোগ রয়েছে, অনুষ্ঠানের ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনার প্রতিবাদে তারা অনুষ্ঠান বর্জন করেন। একই সঙ্গে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসকের বক্তব্যের বিভিন্ন অংশ নিয়েও রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সমালোচনা শুরু হয়। এ নিয়ে স্থানীয় পর্যায়সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়, যার রেশ কাটতে না কাটতেই তাকে বদলির আদেশ এল। যদিও প্রজ্ঞাপনে ৭ নভেম্বরের ওই অনুষ্ঠান বা বক্তব্য ঘিরে সৃষ্ট বিতর্কের কোনো কারণ উল্লেখ করা হয়নি, তাই এই ঘটনার সঙ্গে বদলি আদেশের সরাসরি যোগসূত্রের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়। এরপর থেকে জেলা প্রশাসককে ঘিরে সৃষ্ট বিতর্ক নিয়ে আলোচনা চলছিল।
রোববারের একই প্রজ্ঞাপনে দেশের অন্যান্য জেলার প্রশাসনেও পরিবর্তন আনা হয়েছে। হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজকে গোপালগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের ফলে তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ কার্যকর হলো। এর মধ্য দিয়ে চুয়াডাঙ্গার মাঠ প্রশাসনে নতুন নেতৃত্বের সূচনা হতে যাচ্ছে। ঘটনার আট দিনের মাথায় এই বদলির আদেশ আসায় স্থানীয় পর্যায়ে বিষয়টি নিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দ্রুতই তাদের কর্মস্থলে যোগদানের প্রক্রিয়া সম্পন্ন করবেন বলে আশা করা হচ্ছে।
Tags: চুয়াডাঙ্গা, জনপ্রশাসন মন্ত্রণালয়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, জেলা প্রশাসক, লুৎফুন নাহার