আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা-২০২৬’ শীর্ষক এই সম্মেলন বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) পর্যন্ত চলবে। সম্মেলনে যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বিশ্বব্যাংকসহ বিভিন্ন দেশের মোট ৩০ জন আন্তর্জাতিক প্রতিনিধি অংশগ্রহণ করবেন বলে জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
মোট ৮টি সেশন অনুষ্ঠিত হবে। প্রথম দিনে অনুষ্ঠিত হবে ‘দক্ষিণ এশিয়ায় উচ্চশিক্ষার বর্তমান অবস্থা, সুশাসন, গুণগতমান ও অন্তর্ভুক্তি’ এবং ‘গবেষণা, উদ্ভাবন, স্থায়িত্ব ও সামাজিক সম্পৃক্ততা’ শীর্ষক দুটি সেশন।
দ্বিতীয় দিনে আলোচনার কেন্দ্রবিন্দু থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমন্বয়, ডিজিটাল রূপান্তর, স্মার্ট লার্নিং ইকোসিস্টেম, গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান বৃদ্ধি, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা, উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা, অংশীজনদের সংলাপ এবং উপাচার্যদের সাথে হিট প্রকল্প সংক্রান্ত আলোচনা।
সম্মেলনের শেষ দিনে ‘উচ্চশিক্ষায় লিঙ্গভিত্তিক বিষয়’ নিয়ে আলোচনা হবে এবং ‘ঢাকা হায়ার এডুকেশন ডিক্লারেশন’ বা ঢাকা ঘোষণার মাধ্যমে এটি সমাপ্ত হবে।
বিটি/ আরকে
Tags: উচ্চশিক্ষা, দক্ষিণ এশিয়া, ভবিষ্যৎ