বৈশ্বিক বাজারে দেশীয় পণ্যের প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)। গত শনিবার ঢাকার বিসিআই বোর্ডরুমে ‘এআই এজেন্টিক মার্কেটিং ফর ইন্ডাস্ট্রিজ’ ও ‘জিইও (জেনারেটিভ ইঞ্জিন অপ্টিমাইজেশন) ফর প্রোডাক্টস’ শীর্ষক এই কর্মশালা সম্পন্ন হয়েছে। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ২৬ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠানের ২৬ জন প্রতিনিধি অংশ নেন।
কর্মশালার প্রথম অধিবেশনে বাংলালিংকের সিনিয়র ডেটা অ্যান্ড অ্যানালিটিক্স ইঞ্জিনিয়ার মো. হাবিব আল সাকি শিল্পখাতে বিপণন প্রক্রিয়া স্বয়ংক্রিয়করণ, এআই এজেন্টের ব্যবহার এবং গ্রাহক বিশ্লেষণের নানা খুঁটিনাটি তুলে ধরেন। এছাড়া দ্বিতীয় অধিবেশনে ট্রিপজিপ এআই-এর কো-ফাউন্ডার মো. শামীম হোসেন এবং মুন্ডি ফার্মা লিমিটেডের ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট সুজাত কাশেম জেনারেটিভ ইঞ্জিনে পণ্যের দৃশ্যমানতা বৃদ্ধির কার্যকর কৌশল নিয়ে আলোচনা করেন। প্রশ্নোত্তর পর্বভিত্তিক এই প্রশিক্ষণটি অংশগ্রহণকারীদের পেশাগত দক্ষতা উন্নয়নে বেশ কার্যকর ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অংশগ্রহণকারীরা জানান, প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে পরিচালিত এই প্রশিক্ষণ কর্মশালাটি তাঁদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিআইয়ের ঊর্ধ্বতন সহ-সভাপতি প্রীতি চক্রবর্তী। তিনি বলেন, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রচলিত ব্যবসা পরিচালনার ধরণ ও গ্রাহকের কাছে পৌঁছানোর পদ্ধতি সম্পূর্ণ বদলে দিচ্ছে। উদ্যোক্তারা এসব আধুনিক কৌশল কাজে লাগিয়ে বৈশ্বিক বাজারে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে পারবেন। অংশগ্রহণকারীদের অর্জিত জ্ঞান নিজ নিজ কর্মক্ষেত্রে ব্যবহারের তাগিদ দিয়ে তিনি জানান, সদস্যদের দক্ষতা বৃদ্ধির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে বিসিআই।
প্রশিক্ষণ শেষে সমাপনী পর্বে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিসিআইয়ের ঊর্ধ্বতন সহ-সভাপতি প্রীতি চক্রবর্তী এবং পরিচালক ড. দেলোয়ার হোসেন রাজা উপস্থিত ছিলেন।
Tags: এআই, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রশিক্ষণ, বিপণন, বিসিআই, শিল্পোদ্যোক্তা