জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বর্তমান সরকারকে ইঙ্গিত করে কঠোর সমালোচনা করেছেন। তিনি দাবি করেছেন, দেশ বর্তমানে একটি মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে। বুধবার ঢাকা বিভাগ দক্ষিণ অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভার শুরুতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি অভিযোগ করেন, বর্তমান শাসনামলে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে এবং বিচারব্যবস্থা পুরোপুরি ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণে চলে গেছে। বিচারব্যবস্থার সংস্কার না হওয়ায় তা এখনো ক্ষমতাসীনদের কাছে কুক্ষিগত রয়েছে।
নিজেদের দলের অভ্যন্তরীণ কোন্দলে মানুষ হতাহতের ঘটনার প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম প্রশ্ন রাখেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন পর্যায়ে পৌঁছালে রাজনৈতিক দলের কর্মীরা নিজেরাই নিজেদের দলের লোকজনকে আক্রমণ বা ক্ষতির মুখে ফেলছে। তিনি বিএনপি ও তাদের অনুগত ক্যাডার বাহিনীর বিরুদ্ধে সাধারণ মানুষের ওপর দমন-পীড়নের অভিযোগ তোলেন। এছাড়া বর্তমান সরকারকে সতর্ক করে তিনি বলেন, এখনই সংশোধন না হলে ভবিষ্যতে আরেকটি ফ্যাসিবাদের মুখোমুখি হতে হবে, যা দেশ ও জনগণের জন্য শুভ হবে না। ১৪০০ মানুষের ত্যাগের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে তিনি নতুন কোনো ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি চান না। সরকারকে সতর্ক করে তিনি আরো বলেন, আমরা যদি এই সরকারকে ছাড় দিয়ে দিই, তবে এমনও হতে পারে যে আমাদের আরেকটি ফ্যাসিবাদ মোকাবিলা করতে হবে। আমরা চাই না যে ১৪০০ মানুষের রক্ত ও জীবন দিয়ে আরেকটি ফ্যাসিবাদ উৎখাত করতে হোক। এর বিচার হবে কি না, সেটাই আমার কাছে বড় প্রশ্ন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষতা নিয়েও তিনি হতাশা ব্যক্ত করেন। নাহিদ ইসলাম বলেন, আমরা চেয়েছিলাম পুলিশ ও অন্যান্য বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করবে। অথচ আইজিপির ক্রসফায়ার নিয়ে মন্তব্য এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ব্যর্থতার বিষয়টি স্পষ্ট। তিনি মাদক নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তার অভিযোগ, মাদক সিন্ডিকেটের গডফাদারদের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা কক্সবাজার থেকেই সবচেয়ে বেশি মাদক চোরাচালান হওয়া সত্ত্বেও তা বন্ধে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, সরকার মাদকের গডফাদার বা সিন্ডিকেটের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করছে না।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নিজের শঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক দলীয়করণের ফলে নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা ক্ষীণ। নির্বাচন কমিশন ও পুলিশের দলীয়করণের কারণে আসন্ন স্থানীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে না বলে তিনি মনে করেন। মতবিনিময় সভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও রাজনৈতিক পর্ষদ সদস্য সারজিস আলম, রাজনৈতিক পর্ষদ সদস্য আরিফুল ইসলাম আদীবসহ ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী জেলার শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
Tags: আইনশৃঙ্খলা পরিস্থিতি, এনসিপি, নাহিদ ইসলাম, মাফিয়া রাষ্ট্র, রাজনীতি