1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

আজ মুদ্রানীতি ঘোষণা, অপরিবর্তিত থাকছে নীতি সুদহার

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

চলতি বছরের তৃতীয় মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। আজ বুধবার বিকেল ৩টায় কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে নতুন মুদ্রানীতি ঘোষণা করা হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসা, বেসরকারি খাতে ঋণপ্রবাহের দুর্বলতা এবং ব্যাংক খাতে বিপুল অতিরিক্ত তারল্যের মধ্যে নতুন এই মুদ্রানীতি ঘোষণা করা হচ্ছে। এতে নীতি সুদহার ৯ দশমিক ৫০ শতাংশে অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

অর্থনীতির বর্তমান পরিস্থিতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিনিয়োগ ও ঋণপ্রবাহ বাড়ানো বাংলাদেশ ব্যাংকের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং নতুন বেতন কাঠামোর সম্ভাব্য প্রভাব। ফলে নতুন মুদ্রানীতিতে সুদহারের পরিবর্তনের চেয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করার কৌশল বেশি গুরুত্ব পেতে পারে।

গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি কমিটির (এমপিসি) ১৪তম সভায় নীতি সুদহার ৯ দশমিক ৫০ শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় মূল্যস্ফীতি এখনো লক্ষ্যমাত্রার ওপরে থাকা এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন ঝুঁকি বিবেচনায় নিয়ে সতর্ক অবস্থান বজায় রাখার সিদ্ধান্ত হয়। ফলে আজকের ঘোষণায়ও নীতি সুদহার অপরিবর্তিত রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

গত জুলাইয়ে প্রায় ছয় বছর পর প্রথমবারের মতো নীতি সুদহার ১০ শতাংশ থেকে কমিয়ে ৯ দশমিক ৫০ শতাংশ করে বাংলাদেশ ব্যাংক। একই সময়ে ব্যাংকগুলোর জরুরি ঋণ গ্রহণের সর্বোচ্চ সুদহার বা স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) ১১ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১১ শতাংশ করা হয়। তবে ব্যাংকের অতিরিক্ত অর্থ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখার সুবিধা স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটির (এসডিএফ) সুদহার ৭ দশমিক ৫০ শতাংশে অপরিবর্তিত রাখা হয়।

মূল্যস্ফীতি এখনো লক্ষ্যমাত্রার ওপরে
নতুন মুদ্রানীতিতে বাংলাদেশ ব্যাংকের প্রধান বিবেচনার বিষয় থাকবে মূল্যস্ফীতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, গত আগস্টে পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৬ শতাংশ। আগের মাস জুলাইয়ে এ হার ছিল ৮ দশমিক ৩২ শতাংশ। অর্থাৎ মূল্যস্ফীতিতে সামান্য কমতি এলেও তা এখনো সরকারের নির্ধারিত ৭ দশমিক ৫০ শতাংশ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। আগস্টে ১২ মাসের চলমান গড় মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৬৬ শতাংশ।

এ পরিস্থিতিতে দ্রুত সুদহার কমিয়ে অর্থনীতিতে ঋণপ্রবাহ বাড়ানোর সুযোগ সীমিত। আবার দীর্ঘ সময় উচ্চ সুদহার বহাল থাকলে ব্যবসা পরিচালনার ব্যয় বাড়ার পাশাপাশি নতুন বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ঋণের উচ্চ সুদ বড় চাপ তৈরি করছে।
এর সঙ্গে যুক্ত হয়েছে জ্বালানি তেলের দাম বৃদ্ধি। সেপ্টেম্বরের শেষ দিকে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়েছে। এতে পরিবহন, উৎপাদন ও পণ্য সরবরাহের ব্যয় বাড়তে পারে। শেষ পর্যন্ত এর প্রভাব পণ্য ও সেবার দামে পড়ার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি কমিটির আলোচনায়ও জ্বালানি বাজারের অস্থিরতা এবং দেশের অভ্যন্তরে জ্বালানির মূল্যবৃদ্ধিকে মূল্যস্ফীতির সম্ভাব্য ঝুঁকি হিসেবে বিবেচনা করা হয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অনিশ্চয়তাও রয়েছে।

ঋণপ্রবাহে গতি ফেরানো বড় চ্যালেঞ্জ

মূল্যস্ফীতির পাশাপাশি অর্থনীতির আরেকটি বড় সমস্যা বেসরকারি খাতে ঋণপ্রবাহের দুর্বলতা। বাংলাদেশ ব্যাংকের তথ্যের ভিত্তিতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত জুনে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ৪ দশমিক ৪৭ শতাংশে নেমে আসে, যা ৩৩ বছরের মধ্যে সর্বনিম্ন।
অন্যদিকে ব্যাংক খাতে অতিরিক্ত তারল্য এক বছরে ৩৯ দশমিক ৪০ শতাংশ বেড়ে ৪ লাখ কোটি টাকার বেশি হয়েছে। অর্থাৎ ব্যাংকিং ব্যবস্থায় অর্থের ঘাটতি না থাকলেও বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে ঋণের চাহিদা তুলনামূলক কম।

ব্যবসায়িক অনিশ্চয়তা, বিনিয়োগে ধীরগতি, ঋণের উচ্চ ব্যয় এবং ব্যাংক খাতের দুর্বলতা এ পরিস্থিতির পেছনে ভূমিকা রাখছে। ফলে শুধু নীতি সুদহার কমিয়ে অর্থনীতিতে ঋণপ্রবাহ বাড়ানো সম্ভব হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

অর্থনীতিবিদদের মতে, মুদ্রানীতির কার্যকারিতা নির্ভর করে সুদহারের পাশাপাশি ব্যবসায়ীদের আস্থা, বিনিয়োগ পরিবেশ, ব্যাংকগুলোর ঋণ দেওয়ার সক্ষমতা এবং ঋণের চাহিদার ওপরও। এসব ক্ষেত্রে উন্নতি না হলে ব্যাংকে পর্যাপ্ত অর্থ থাকার পরও উৎপাদনশীল খাতে ঋণপ্রবাহ প্রত্যাশিত মাত্রায় বাড়বে না।

এন/আই

Tags: ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT