বিশ্বের অন্যতম জনপ্রিয় হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিওর মোট সম্পদের পরিমাণ প্রায় ৩০ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৬৬০ কোটি টাকা। তিন দশকের বেশি সময় ধরে অভিনয় ও বিভিন্ন ব্যবসায়িক বিনিয়োগের মাধ্যমে তিনি এই বিশাল সম্পদের মালিক হয়েছেন। সেলিব্রিটি নেট ওর্থ ও ইনভেস্টোপিডিয়াসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তার আয়ের উৎস কেবল অভিনয় নয়, বরং প্রযোজনা ও নানা কৌশলগত বিনিয়োগও এর অন্তর্ভুক্ত। সম্পদবিষয়ক ওয়েবসাইট সেলিব্রিটি নেট ওর্থ, বিনোদন সাময়িকী প্যারেড এবং ইনভেস্টোপিডিয়ার সাম্প্রতিক প্রতিবেদনে ডিক্যাপ্রিওর এই সম্পদের তথ্য নিশ্চিত করা হয়েছে।
১৯৯৭ সালে মুক্তি পাওয়া জেমস ক্যামেরনের ‘টাইটানিক’ সিনেমায় ‘জ্যাক ডসন’ চরিত্রে অভিনয়ের মাধ্যমেই ডিক্যাপ্রিওর ক্যারিয়ারের মোড় ঘুরে যায়। সে সময় তিনি শুরুতে ২৫ লাখ ডলার পারিশ্রমিক পেলেও বক্স অফিস লভ্যাংশের চুক্তির সুবাদে মোট ৪ কোটি ডলার আয় করেছিলেন। পরবর্তীতে ‘ইনসেপশন’ থেকে প্রায় ৬ কোটি ডলার এবং ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’ থেকে ১ কোটি ডলার উপার্জন করেন। এছাড়া নেটফ্লিক্সের ছবি ‘ডোন্ট লুক আপ’-এর জন্য তিনি ৩ কোটি ডলার পারিশ্রমিক নিয়েছেন। ফোর্বসের ২০২৬ সালের তালিকা অনুযায়ী, ২০২৫ সালে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ থেকে তার আয় ছিল ২ কোটি ৯০ লাখ ডলার।
অভিনয়ের পাশাপাশি ২০০১ সালে তিনি ‘অ্যাপিয়ান ওয়ে প্রোডাকশনস’ নামে নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তোলেন। এই প্রতিষ্ঠানের ব্যানারে ‘দ্য অ্যাভিয়েটর’, ‘শাটার আইল্যান্ড’ ও ‘দ্য রেভেন্যান্ট’-এর মতো চলচ্চিত্র নির্মিত হয়েছে। ২০২০ সালে প্রতিষ্ঠানটি সনি পিকচার্সের সঙ্গে চলচ্চিত্র নির্মাণের একটি বড় চুক্তিও স্বাক্ষর করে।
পরিবেশ সচেতনতার জন্য পরিচিত ডিক্যাপ্রিও টেকসই খাদ্যপণ্য ও পরিবেশবান্ধব প্রযুক্তি খাতে বড় অঙ্কের বিনিয়োগ করেছেন। এর মধ্যে বিয়ন্ড মিট, ক্যালিফিয়া ফার্মস ও আলেফ ফার্মস উল্লেখযোগ্য। এছাড়া আবাসন খাতেও তার বড় বিনিয়োগ রয়েছে; লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্ক ও মালিবুতে তার একাধিক বিলাসবহুল বাড়ি আছে। ব্যক্তিগত উদ্যোগে ২০০৫ সালে তিনি বেলিজ উপকূলে ১০৪ একরের ‘ব্ল্যাকাডোর কেই’ নামে একটি দ্বীপও কিনেছিলেন। এছাড়া ২০০৫ সালে মধ্য আমেরিকার দেশ বেলিজ উপকূলে পরিবেশবান্ধব রিসোর্ট তৈরির লক্ষ্যে ১০৪ একরের ‘ব্ল্যাকাডোর কেই’ নামের একটি নিজস্ব দ্বীপও কেনেন এই অভিনেতা। পরবর্তী সময়ে অন্যান্য ব্লকবাস্টার ছবি থেকেও তিনি মোটা অঙ্কের আয় করেন।
Tags: টাইটানিক, বিনোদন জগৎ, লিওনার্দো ডিক্যাপ্রিও, সম্পদ, হলিউড তারকা