সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের হাটিকুমরুল ধোপাকান্দি এলাকায় মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। ঘন কুয়াশায় ঢাকা সকালে মহাসড়কের পাশ দিয়ে হাঁটার সময় একটি দ্রুতগামী পাথরবোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান।
নিহতরা হলেন ওই এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে ঠান্ডু মিয়া (৬০) এবং দাদনপুর গ্রামের ফাইজুল ইসলাম শেখের ছেলে আব্দুল আলীম শেখ (৪০)। নিহত আব্দুল আলীম সলঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক হিসেবে কর্মরত ছিলেন। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। পুলিশ মরদেহগুলো উদ্ধার করেছে এবং এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
Tags: ট্রাকচাপা, নিহত, সড়ক দুর্ঘটনা, সিরাজগঞ্জ, হাটিকুমরুল