মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহর মর্যাদা, গুরুত্ব এবং দৈনন্দিন জীবনে তা অনুসরণের প্রয়োজনীয়তা তুলে ধরতে কাতারের আওকাফ ও ইসলামবিষয়ক মন্ত্রণালয় একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। ‘বায়দা… মিন ওয়াহই আল-সামা’ (আসমানি ওহি থেকে অনুপ্রাণিত) শীর্ষক এই প্রচারাভিযানটি গত ২ নভেম্বর শুরু হয়েছে এবং এটি আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। ইসলামি শরিয়তের অন্যতম মূল উৎস হিসেবে সুন্নাহর অবস্থান, পবিত্র কোরআনের সঙ্গে এর গভীর সম্পর্ক এবং রাসুলুল্লাহ (সা.)-এর আনুগত্যের অপরিহার্যতা জনসমক্ষে তুলে ধরাই এই কার্যক্রমের প্রধান লক্ষ্য।
মন্ত্রণালয়ের মতে, সমাজের সব স্তরের মানুষের কাছে ধর্মীয় ও শিক্ষামূলক বার্তা পৌঁছে দেওয়ার জন্য জুমার খুতবা একটি কার্যকর মাধ্যম। কাতারভিত্তিক সংবাদমাধ্যম দ্য পেনিনসুলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এই খুতবাগুলোতে আর্থিক লেনদেন ও সামাজিক জীবনে নবীজির সুন্নাহর শিক্ষা অনুসরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
পাশাপাশি সততা বজায় রাখা, পরিমিতিবোধ, সম্পদের দায়িত্বশীল ব্যবহার এবং অপচয় থেকে বিরত থাকার মতো বিষয়গুলোতে ইসলামের দিকনির্দেশনা তুলে ধরা হয়।
এই প্রচেষ্টার মূল উদ্দেশ্য হলো ইসলামের নীতিমালাকে বাস্তব জীবনের উপযোগী করে তোলা এবং প্রতিটি মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডে সুন্নাহর চর্চাকে আরও জোরদার করা।
Tags: আওকাফ মন্ত্রণালয়, ইসলাম, কাতার, জুমার খুতবা, সুন্নাহ