মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ঘোষণার ঠিক পরের দিন কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শন করতে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান। শুক্রবার সকাল পৌনে ৯টায় তিনি উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছালে তাকে স্বাগত জানান স্থানীয় রোহিঙ্গারা। সফরের অংশ হিসেবে রোহিঙ্গাদের সঙ্গে সরাসরি কথা বলার পরিকল্পনা রয়েছে তার।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ সফরের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবেই তিনি এই ক্যাম্প পরিদর্শনে এসেছেন। উল্লেখ্য, এর আগে তিনি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
আইসিজের সাম্প্রতিক রায়ের পর নিজেদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী রোহিঙ্গারা। তাদের প্রত্যাশা, এই রায়ের মাধ্যমে ন্যায়বিচারের পথ প্রশস্ত হবে এবং মিয়ানমারে নিরাপদে ফিরে যাওয়ার অনুকূল পরিবেশ তৈরি হবে। ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সভাপতি কিন মং জানিয়েছেন, শরণার্থী হিসেবে দীর্ঘদিন ক্যাম্পে জীবনযাপন করতে চান না তারা। মিয়ানমারের নাগরিকত্ব, নিরাপত্তা এবং মৌলিক অধিকার নিশ্চিত হলে নিজ দেশে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই তাদের একমাত্র দাবি।
Tags: আইসিজে, উখিয়া, কক্সবাজার, জাতিসংঘ, পররাষ্ট্রমন্ত্রী, রোহিঙ্গা