মার্কিন সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকার টাকার কার্লসন চাঞ্চল্যকর এক দাবি করে বলেছেন, সৌদি আরব ও কাতারে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের বেশ কয়েকজন এজেন্টকে আটক করা হয়েছে। সোমবার নিজের অনুষ্ঠানে এ তথ্য জানালেও তিনি নিজের দাবির সপক্ষে কোনো প্রমাণ বা বিস্তারিত তথ্য উপস্থাপন করেননি। কার্লসনের ভাষ্যমতে, ইরানবিরোধী প্রচারণার অংশ হিসেবে কেবল তেহরানকে লক্ষ্য করেই নয়, বরং কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, ওমান ও কুয়েতের মতো উপসাগরীয় দেশগুলোতে অস্থিতিশীলতা তৈরিতে ইসরায়েল মরিয়া হয়ে উঠেছে।
মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাকর পরিস্থিতির নেপথ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানের প্রভাব রয়েছে বলে মনে করা হচ্ছে। সেই অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তা প্রাণ হারানোর পর থেকেই অঞ্চলজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ে। এর প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে। এই সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দেয় এবং তেল পরিবহণ ও বাণিজ্যিক বিমান চলাচল ব্যাহত হয়।
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি দাবি করেছে, তারা সাত শতাধিক ড্রোন ও কয়েকশ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অন্তত পাঁচ শতাধিক স্থাপনায় হামলা চালিয়েছে। এই ধারাবাহিকতায় সোমবার সৌদি আরবের রাস তানুরায় অবস্থিত সৌদি আরামকোর একটি তেল শোধনাগারে ড্রোন হামলার ঘটনা ঘটে, যাতে স্থাপনাটিতে সীমিত আকারে অগ্নিকাণ্ড সৃষ্টি হয়।
তবে আরামকোর স্থাপনায় হামলার যেকোনো দায় দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তেহরানের অভিযোগ, ইরানকে দায়ী করার লক্ষ্যে আরব দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নিজেরাই এসব ড্রোন হামলা চালাচ্ছে। ইরানের দাবি অনুযায়ী, আরব দেশগুলোকে উসকে দেওয়ার মাধ্যমে মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাত ছড়িয়ে দিয়ে মুসলিম বিশ্বকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র চলছে।
Tags: ইরান, কাতার, টাকার কার্লসন, মধ্যপ্রাচ্য সংকট, মোসাদ, সৌদি আরব, সৌদি আরামকো