মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আসন্ন বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সরকার। সফরকালে তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি হিসেবে ঘোষণা করা হয়েছে। গত রোববার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যা সরকারি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ২(ক) ধারার আওতায় ৭ ও ৮ ডিসেম্বর সফরকালীন সময়ের জন্য এই বিশেষ মর্যাদা কার্যকর থাকবে। এটি বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানের প্রথম দ্বিপক্ষীয় সফর হতে যাচ্ছে। নং ৪১৯-আইন/২০২৬ নম্বরে জারি করা প্রজ্ঞাপনটি সরকারি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
কূটনৈতিক সূত্র অনুযায়ী, আনোয়ার ইব্রাহিম ৭ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবেন। সফরসূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এরপরই তিনি ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। অর্থাৎ, ঢাকায় তার অবস্থান হবে প্রায় ১২ থেকে ১৩ ঘণ্টা। এর আগে গত জুন মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফর করেন এবং কুয়ালালামপুরে আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় বসেন। এবারের ঢাকা সফরটি জুনের সেই আলোচনার অগ্রগতি পর্যালোচনা এবং দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বড় সুযোগ হিসেবে দেখছে সংশ্লিষ্টরা। আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে ঢাকায় আসছেন তিনি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ২২ জুন কুয়ালালামপুরে দুই নেতার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র অনুসন্ধান, জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতা এবং সেমিকন্ডাক্টর শিল্পের প্রসারের মতো বিষয়গুলোতে জোর দেওয়া হবে। এছাড়া বাংলাদেশের শ্রমবাজার, মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি কর্মীদের অধিকার ও কল্যাণ, কৃষি, শিক্ষা, ডিজিটাল অর্থনীতি এবং হালাল অর্থনীতির মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো আলোচনায় প্রাধান্য পেতে পারে। যৌথ কমিশন বৈঠক এবং নিয়মিত পরামর্শ সভার বিষয়টিও পর্যালোচনার তালিকায় রয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য যে, আনোয়ার ইব্রাহিম এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর বাংলাদেশ সফর করেন। সে সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার বৈঠক হয়েছিল। বর্তমান সরকারের আমলে দুই দেশের সরকারপ্রধান পর্যায়ের এই সফর সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে বিশেষ ভূমিকা রাখবে বলে কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে।
Tags: আনোয়ার ইব্রাহিম, তারেক রহমান, দ্বিপক্ষীয় সম্পর্ক, বাংলাদেশ সফর, মালয়েশিয়া