দেশের তৈরি পোশাকশিল্প খাতে চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে গত ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে খাতটি। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। এফওবি (ফ্রি অন বোর্ড) মূল্যমান অনুযায়ী হিসাব করা এই ক্ষতির পরিমাণ বিজিএমইএ-এর জরিপ থেকে উঠে এসেছে। জরিপের তথ্যমতে, এ সময়ে ৩১৭টি পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে এবং কারখানাগুলো বাধ্য হয়ে সর্বনিম্ন একদিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত কার্যক্রম বন্ধ রেখেছে।
উৎপাদন ক্ষতির পাশাপাশি রপ্তানি আদেশের ওপরও এর নেতিবাচক প্রভাব পড়েছে। ক্রেতারা এরই মধ্যে নিশ্চিত করা অর্ডার থেকে ৫৯ মিলিয়ন পিস পোশাক অন্য দেশে সরিয়ে নিয়েছেন, যার বাজারমূল্য ২৫৪ মিলিয়ন ডলার। বিজিএমইএ জানিয়েছে, সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় অধিকাংশ রপ্তানি আদেশ এখন ঝুঁকির মুখে রয়েছে। ক্রেতাদের ধরে রাখতে কারখানাগুলোকে আকাশপথে পণ্য পাঠানো, বড় অঙ্কের মূল্যছাড় দেয়া এবং শেষ পর্যন্ত অর্ডার বাতিলের মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। এতে কারখানার ওপর বাড়তি আর্থিক চাপের পাশাপাশি বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকশিল্পের নির্ভরযোগ্যতা ও ভাবমূর্তিও প্রশ্নের মুখে পড়ছে। অর্ডার অন্য দেশে স্থানান্তরের ঘটনা বাংলাদেশের পোশাকশিল্পের আন্তর্জাতিক ভাবমূর্তি, নির্ভরযোগ্যতা এবং ভবিষ্যৎ ব্যবসার সম্ভাবনার জন্য উদ্বেগজনক।
বিজিএমইএর দাবি, জরিপে উঠে আসা পরিসংখ্যান প্রকৃত ক্ষয়ক্ষতির আংশিক চিত্র মাত্র। ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি হলেও জরুরি জরিপে মাত্র ৩১৭টি কারখানা তথ্য দিতে পেরেছে, ফলে সামগ্রিক ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া জরিপের সময়সীমা ১৮ নভেম্বর পর্যন্ত হলেও শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা অব্যাহত থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রতিনিয়ত বাড়ছে। শিল্পের উৎপাদন কার্যক্রম সচল রাখা এবং এই সংকট উত্তরণে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে সংগঠনটি। মূলত দেশের অর্থনীতি এবং লাখ লাখ পোশাকশ্রমিকের জীবন-জীবিকা সুরক্ষায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়া প্রয়োজন বলে মনে করছে বিজিএমইএ।
Tags: পোশাকশিল্প, বাংলাদেশ, বিজিএমইএ, রপ্তানি, শ্রমিক অসন্তোষ