জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি ও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য পুনরুদ্ধারের লক্ষ্যে সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) প্রতিনিধি দল।
সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকের পর এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, ফ্যাসিবাদ ও জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আরও বলেন, জাতীয় সংসদে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী সকল রাজনৈতিক দলের ঐক্যের ওপর জোর দিয়েছেন। এনসিপি’র মাধ্যমেই এই সংলাপ শুরু হলো, তবে অন্যান্য দলের সঙ্গে সংলাপের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। এর আগে এদিন দুপুর ১টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসে এনসিপি প্রতিনিধি দল।
বৈঠকের বিস্তারিত তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতির সৃষ্টি একদিনে হয়নি। গত সাত-আট মাসের শাসন ও বিচার বিভাগীয় আপসকামিতা, আওয়ামী লীগের প্রতি নমনীয়তা এবং ভারতের সঙ্গে কূটনৈতিক অস্পষ্টতার কারণে এই জটিলতা তৈরি হয়েছে। তিনি গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা উল্লেখ করে বলেন, নতুন চুক্তির ক্ষেত্রে সরকারকে ভারতের সঙ্গে অত্যন্ত কঠোর অবস্থানে থাকতে হবে এবং কোনো ধরনের আপস করা যাবে না। ন্যায্য পানির হিস্যা আদায়ে সরকারের সদিচ্ছা ও দৃঢ়তা কাম্য বলে তিনি জানান। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা প্রসঙ্গে নাহিদ ইসলাম আরও বলেন, ‘আমাদের জায়গা থেকে আমরা বলেছি—বর্তমান পরিস্থিতিটা আসলে একদিনে হয়নি। নতুন করে যে চুক্তিটা হবে, সেই বিষয়ে ভারতের কাছে যাতে খুবই কঠোরভাবে বাংলাদেশের বার্তাটা দেওয়া হয়।’। আমাদের খুব স্পষ্টভাবে মনে রাখতে হবে, এখনকার লড়াই আওয়ামী লীগের সঙ্গে নয়। আওয়ামী লীগকে আমরা ৫ আগস্ট পরাজিত করেছি। এই ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলায় বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। এই তথ্যগুলোও আমাদের বিশ্বপরিসরে তুলে ধরতে হবে।’।
শেখ হাসিনাকে একজন ফ্যাসিস্ট ও গণহত্যাকারী হিসেবে আখ্যায়িত করে নাহিদ ইসলাম দাবি করেন, তাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে সরকারের যথাযথ পদক্ষেপ নেয়া প্রয়োজন। তিনি অভিযোগ করেন, ভারত একজন পলাতক খুনিকে আশ্রয় দিয়ে তাদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিচ্ছে, যা বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে ইন্ধন জোগাচ্ছে। নাহিদ বলেন, বর্তমানে লড়াইটি শুধু আওয়ামী লীগ বনাম অন্য দলের নয়, বরং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। ভারত আওয়ামী লীগ ও দেশীয় শক্তির সহায়তায় সীমান্ত পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে তিনি মন্তব্য করেন। নাহিদ আরও বলেন, ‘এটি এখন শুধু আওয়ামী লীগ বনাম বিএনপি বা এনসিপির বিষয় নয়; বরং ভূরাজনৈতিক পর্যায়ে চলে গেছে। ওই সমাবেশে পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগের কয়েকজন নেতাও যুক্ত হয়েছেন।’। বিশ্বব্যাপী বাংলাদেশের বিরুদ্ধে একটি অপতথ্য প্রচার বা মিসইনফরমেশন ক্যাম্পেইন চালানোর চেষ্টা করা হচ্ছে।
সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা প্রচারণার বিষয়ে নাহিদ ইসলাম বলেন, সীমান্তের ওপারে হিন্দুত্ববাদী সংগঠন ও বিজেপির সমাবেশ থেকে বাংলাদেশবিরোধী অপপ্রচার চালানো হচ্ছে, যেখানে পলাতক আওয়ামী লীগ নেতারাও সম্পৃক্ত। প্রকৃত পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বরং ভারতই এখন সংখ্যালঘু নির্যাতনের প্রধান ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে; দিল্লি, আসাম ও পশ্চিমবঙ্গে মুসলমান ও দলিতদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। এই তথ্য আন্তর্জাতিক পরিসরে প্রচারের ওপরও গুরুত্ব দেন তিনি। নাহিদ ইসলাম বলেন, ‘এর মাধ্যমে স্পষ্ট হচ্ছে, বাংলাদেশে যা কিছু ঘটছে, এর সঙ্গে ভারত সরাসরি সম্পৃক্ত। অথচ বাস্তবতা হচ্ছে, সংখ্যালঘু নির্যাতনের ঘটনা সবচেয়ে বেশি ঘটছে ভারতে।
বৈঠকে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা এবং ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানানো হয়। এনসিপি প্রতিনিধি দলে নাহিদ ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসাইন সিএফ। প্রশাসনিকভাবে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার অনুরোধ জানান তারা।
Tags: এনসিপি, জুলাই গণ-অভ্যুত্থান, তারেক রহমান, নাহিদ ইসলাম, রাজনীতি