দেশের নিবন্ধিত ৬৪টি ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যকে ঐতিহ্যের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক ব্র্যান্ড হিসেবে তুলে ধরতে সরকার ১৭ দফা রোডম্যাপ বা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। রপ্তানি বৃদ্ধি, পণ্যের মান নিয়ন্ত্রণ, নকল প্রতিরোধ এবং প্রান্তিক উৎপাদকদের সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে সম্প্রতি আয়োজিত এক সেমিনারে এই সুপারিশগুলো চূড়ান্ত করা হয়। এসব সুপারিশ কার্যকর করার লক্ষ্যে ইতোমধ্যে ১৬টি মন্ত্রণালয় ও সরকারি দপ্তরে দাপ্তরিক চিঠি পাঠানো হয়েছে। শিল্প মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
শিল্প মন্ত্রণালয় মনে করছে, রোডম্যাপটি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হলে বাংলাদেশের ঐতিহ্যবাহী পণ্যগুলো বিশ্ববাজারে নিজস্ব স্বকীয়তায় পরিচিতি পাবে এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন গতির সঞ্চার হবে। এই পরিকল্পনা বাস্তবায়নে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, মৎস্য ও প্রাণিসম্পদ, বাণিজ্য, বস্ত্র ও পাট, কৃষি ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিবদের কাছে নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে বিএসটিআই, ডিপিডিটি, তাঁত বোর্ড, ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, এনবিআর, ইপিবি, বিসিক এবং এসএমই ফাউন্ডেশনের মতো গুরুত্বপূর্ণ সংস্থাকেও এই প্রক্রিয়ায় যুক্ত করা হয়েছে।
রোডম্যাপের অন্যতম প্রধান প্রস্তাব হলো, দেশের ৬৪টি জিআই পণ্যের মধ্য থেকে বাণিজ্যিক সম্ভাবনাময় ৫-৬টি পণ্য নির্বাচন করে সেগুলোর উন্নয়নে সময়সীমাভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ করা। পরীক্ষামূলক বা পাইলট প্রকল্প হিসেবে টাঙ্গাইল শাড়িকে বেছে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে পণ্যটির আইনি ও একাডেমিক চ্যালেঞ্জগুলো পর্যালোচনা করে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) তৈরি করা হবে, যা পরে অন্যান্য পণ্যের ক্ষেত্রে মডেল হিসেবে কাজ করবে। প্রথম পর্যায়ে পাঁচ-ছয়টি পণ্য নির্বাচন।
প্রশাসনের তদারকি ও সুরক্ষা নিশ্চিত করতে ডিপিডিটি বা শিল্প মন্ত্রণালয়ের অধীনে একটি স্থায়ী জনবল ও ডেডিকেটেড টিমসহ ‘জিআই ইউনিট’ গঠনের সুপারিশ করা হয়েছে। এছাড়া জিআই পণ্যের নামে নকল ও মেশিনে তৈরি পণ্য বিক্রি বন্ধে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিএসটিআই ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে নিয়মিত যৌথ অভিযানের প্রস্তাব রয়েছে। পণ্যের গুণগত মান বজায় রাখতে তৃতীয় পক্ষের মাধ্যমে অডিট ব্যবস্থা এবং কিউআর কোড ব্যবহারের মাধ্যমে সত্যতা যাচাইয়ের বিষয়টিও রোডম্যাপে অগ্রাধিকার পেয়েছে। নির্ধারিত মান পূরণকারী পণ্যই কেবল জিআই লোগো ব্যবহারের অনুমতি পাবে। সচেতনতা বাড়াতে বিসিক, এসএমই ফাউন্ডেশন ও ইপিবিকে গণমাধ্যমে প্রচার চালানোর দায়িত্ব দেওয়ার প্রস্তাব রয়েছে।
আন্তর্জাতিক বাজারে জিআই পণ্যের প্রসারে উৎপাদনে ব্যবহৃত আমদানিকৃত কাঁচামালের ওপর শুল্ক হ্রাস বা অব্যাহতির প্রস্তাব দেওয়া হয়েছে। রপ্তানির ক্ষেত্রে বিশেষ নগদ প্রণোদনা ও ডিউটি ড্র-ব্যাক সুবিধা প্রদানেরও সুপারিশ করা হয়েছে। অ্যামাজন ও আলিবাবার মতো আন্তর্জাতিক ই-কমার্স প্ল্যাটফর্মগুলোতে জিআই পণ্যের জন্য আলাদা ক্যাটাগরি তৈরি এবং দেশীয় অনলাইন বাজারে সেগুলোর বিপণন বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। রপ্তানিতে শুল্কছাড়, ই-কমার্স ও পর্যটন রুট।
পর্যটন শিল্পের সঙ্গে জিআই পণ্যের সংযোগ ঘটানোর লক্ষ্যে বিভিন্ন বিমানবন্দরে ও রেলওয়ে স্টেশনে ‘জিআই প্রোডাক্ট কর্নার’ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া ভারত ও জাপানের আদলে ‘ট্যুরিজম ট্রেইল’ তৈরির অংশ হিসেবে টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জ পর্যন্ত ‘শাড়ি ট্রেইল’ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। অনুমোদিত জিআই ব্যবহারকারীদের তালিকা সরকারি গেজেট ও ওয়েবসাইটে প্রকাশ এবং ডিপিডিটির নিবন্ধন প্রক্রিয়া সহজ করার বিষয়টিও এই কর্মপরিকল্পনায় গুরুত্বের সাথে উল্লেখ করা হয়েছে। ডিপিডিটির মাধ্যমে অনুমোদিত ব্যবহারকারী নিবন্ধনের বিদ্যমান জটিল ও ম্যানুয়াল পদ্ধতি দূর করে কম খরচে অনলাইনভিত্তিক ডিজিটাল নিবন্ধন ব্যবস্থা চালুর কথা বলা হয়েছে।
Tags: জিআই পণ্য, টাঙ্গাইল শাড়ি, বাণিজ্যিকীকরণ, রপ্তানি, শিল্প মন্ত্রণালয়