এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল অক্টোবরের দ্বিতীয় সপ্তাহেই প্রকাশ হতে পারে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।
তিনি বলেন, “পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী আগামী ১৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করতে হবে। আশা করছি, এই সময়ের মধ্যেই ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।”
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ২৬ জুন এবং শেষ হয় ১৯ আগস্ট। শুরুতে ১৩ আগস্টের মধ্যে পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও কয়েকটি বিষয় স্থগিত হওয়ায় পুনঃসূচি দিয়ে পরীক্ষা নেওয়া হয়।
এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ছেলে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং মেয়ে ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন। দেশব্যাপী ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
Tags: এইচএসসি