আসন্ন জাতীয় নির্বাচনের পাঁচ দিন আগে থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে তৎপর থাকবে এবং “বড় ধরনের কার্যক্রম” চালাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে পটুয়াখালী সার্কিট হাউজের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
নির্বাচনের আগে বিশেষ কোনো অভিযানের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী মোট ৯ দিনের জন্য মাঠে নামবে। এর মধ্যে নির্বাচনের আগের পাঁচ দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরবর্তী তিন দিন তারা মাঠে থাকবে।
তিনি জানান, নির্বাচনের সময় নিরাপত্তা নিয়ে কোনো সন্দেহের সুযোগ নেই এবং নির্বাচন “খুবই শান্তিপূর্ণভাবে” অনুষ্ঠিত হবে।
নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, “ওই সময় ১ লাখের মতো সেনাবাহিনী, ১ লাখ ৫০ হাজার পুলিশ, ৩৫ হাজারের মতো বিজিবি, ৫ হাজার নৌবাহিনী, ৪ হাজার কোস্টগার্ড, ৮ হাজার র্যাব এবং প্রায় সাড়ে ৫ লাখ আনসার মাঠে থাকবে।”
এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা পটুয়াখালী পুলিশ লাইন্স ও কোস্টগার্ড স্টেশন পরিদর্শনের উদ্দেশ্যে রওয়ানা দেন।
বিটি/ আরকে
Tags: আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন, স্বরাষ্ট্র উপদেষ্টা