কাতারের দোহায় এসিসি রাইজিং স্টার্স টুর্নামেন্টের সেমিফাইনালে ভারত ‘এ’ দলের বিপক্ষে রোমাঞ্চে ভরা লড়াই জিতে ফাইনালে উঠেছে বাংলাদেশ ‘এ’। ওঠানামায় ভরা ম্যাচটি শেষ পর্যন্ত গড়ায় সুপার ওভারে, যেখানে দুর্দান্ত বোলিং ও ঠাণ্ডা মাথার সিদ্ধান্তে জয় নিশ্চিত করে আকবর আলীর দল।
মূল ম্যাচে দারুণ কিছু শট, ছক্কার ঝড়, সঙ্গে ক্যাচ মিস ও ফিল্ডিং ভুলে ম্যাচ বারবার দিক বদলেছে। ব্যাট হাতে শুরুতেই ঝড় তোলেন ওপেনাররা। বিশেষ করে হাবিবুর রহমান সোহান ও এসএম মেহেরবের আক্রমণাত্মক ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ সংগ্রহ করে ১৯৪ রান।
তবে রান–তাড়ায় ভারতও লড়াইয়ে ফিরে আসে। শেষ বল পর্যন্ত উত্তেজনা ছড়ায় ম্যাচে। শেষ বলে অধিনায়ক আকবর আলির ভুল সিদ্ধান্তে ভারত তিন রান নিয়ে ম্যাচ টাই করে ফেলে।
সুপার ওভারে দায়িত্ব নেন রিপন মন্ডল। অসাধারণ বোলিংয়ে প্রথম দুই বলেই তুলে নেন দুটি উইকেট। ভারত ‘এ’-র স্কোর দাঁড়ায় শূন্য।
এক রান পেলেই জয়—এই সহজ সমীকরণও জন্ম দেয় নাটকীয়তার। সুপার ওভারের প্রথম বলেই ইয়াসির আলি চৌধুরির শট সীমানায় দারুণ ক্যাচে পরিণত হয়। দ্বিতীয় বল গুগলি করেন সুয়াশ শর্মা, তবে বলটি লাইন ছাড়িয়ে গেলে আম্পায়ার ওয়াইডের সংকেত দেন। আর সেই সঙ্গেই নিশ্চিত হয় বাংলাদেশের জয়।
রিপন মন্ডল সুপার ওভারে টানা ২ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন।
বাঁধনহারা উল্লাসে মাঠ ভাসিয়ে বাংলাদেশ ‘এ’ দল নিশ্চিত করে ফাইনালের জায়গা। টুর্নামেন্টের সবচেয়ে নাটকীয় ম্যাচটি জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে এখন আকবর আলীর দল।
Tags: Asia cup, Cricket, indian products, বাংলাদেশ ক্রিকেট দল, ভারতকে হারানো, রিপন মন্ডল