1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

বৃহস্পতিবার থেকে বাজারে আসছে নতুন ৫০০ টাকার নোট

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

বাজারে শিগগিরই আসছে নতুন ৫০০ টাকার নোট। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) থেকে নতুন নকশার এ নোট বাজারে ছাড়া শুরু হবে।

প্রথমে এটি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে পাওয়া যাবে, পরে ধীরে ধীরে অন্যান্য শাখা থেকেও বিতরণ করা হবে। নতুন নোটের ডিজাইনে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে।

বর্তমান ৫০০ টাকার নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি থাকলেও নতুন নোটে তা থাকবে না। এতে কেন্দ্রীয় শহীদ মিনার এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি ব্যবহার করা হয়েছে। নতুন নোটে গভর্নর আহসান এইচ মনসুরের স্বাক্ষর থাকবে।

নতুন ৫০০ টাকার নোটের মাপ নির্ধারণ করা হয়েছে ১৫২ মিমি × ৬৫ মিমি। সামনের দিকে বাম পাশে শহীদ মিনারের ছবি এবং মাঝখানে পাতা, কলি ও প্রস্ফুটিত শাপলার নকশা রাখা হয়েছে। পেছন দিকে সুপ্রিম কোর্টের ছবি ছাপা রয়েছে।

নোটে জলছাপ হিসেবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, নিচে ইলেকট্রোটাইপ ‘500’ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম যুক্ত করা হয়েছে। পুরো নোটে সবুজ রঙের আধিক্য লক্ষ্য করা যাবে।

নিরাপত্তার জন্য এতে ১০টি আলাদা সুরক্ষা বৈশিষ্ট্য যোগ করা হয়েছে। সামনের দিকের ডান পাশে ছাপা ‘500’ সংখ্যা বিশেষ কালি দিয়ে বানানো, যা নোট নড়াচড়া করলে সবুজ থেকে নীল রঙে পরিবর্তিত হয় এবং ভেতরে তির্যকভাবে লেখা ‘৫০০’ দেখা যায়।

বাঁ পাশে রয়েছে ৪ মিমি চওড়া লাল ও স্বর্ণালি রঙের মিশেলে তৈরি নিরাপত্তা সুতা। নোট নড়ালে লাল অংশ সবুজ হয়ে যাবে এবং তাতে ‘৫০০ টাকা’ শব্দটি দেখা যাবে। আলোয় ধরলে স্বর্ণালি অংশ রংধনুর মতো উজ্জ্বল একটি লম্বা দাগে পরিণত হবে। দৃষ্টিপ্রতিবন্ধীদের সুবিধার জন্য সামনের ডান পাশে পাঁচটি ছোট উঁচু বৃত্ত রাখা হয়েছে।

এর আগে ২০, ৫০, ১০০ এবং ১০০০ টাকার নোটের নতুন নকশা বাজারে ছেড়েছিল বাংলাদেশ ব্যাংক।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT