চট্টগ্রাম বন্দরের মোহনায় ১২০০ টন কাঁচামাল বোঝাই একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। ‘এমভি জায়ান’ নামের জাহাজটি সিরামিক শিল্পের কাঁচামাল বহন করছিল। শুক্রবার রাতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর শনিবার সকালে পতেঙ্গা সমুদ্রসৈকতের কাছে এটি প্রায় সম্পূর্ণভাবে পানিতে তলিয়ে যায়।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটি বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনায়, বন্দর সীমানার মধ্যে ডুবে আছে। তবে এটি বন্দর চ্যানেলে চলাচলরত অন্যান্য জাহাজের জন্য আপাতত কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করছে না।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, “বহির্নোঙর থেকে ১২০০ টন বল ক্লে (সিরামিক শিল্পের কাঁচামাল) খালাস করে জাহাজটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছিল। যান্ত্রিক ত্রুটির কারণে পথে ডুবে যায়। এর ফলে সব পণ্যই পানিতে নষ্ট হয়ে গেছে।”
জাহাজটির মালিক প্রতিষ্ঠান ‘জায়ান শিপিং লাইনস’-এর অপারেশন অফিসার কাজী মোহাম্মদ শিবলু জানান, শুক্রবার রাত আটটার দিকে স্টিয়ারিং হঠাৎ বিকল হয়ে যায় এবং ইঞ্জিনেও সমস্যা দেখা দেয়। পরদিন সকালে তীরের দিকে আনার চেষ্টা করার সময় জাহাজটি ধীরে ধীরে পানিতে তলিয়ে যায়। তবে জাহাজে থাকা ১৩ নাবিক সবাই নিরাপদে আছেন।
লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম. এ. রনি জানান, নেভাল একাডেমির কাছাকাছি পৌঁছালে জাহাজটি চরে আটকে তলা ফেটে যায়। এতে তিনটি হ্যাচ দিয়ে পানি প্রবেশ শুরু হলে দ্রুত ভারসাম্য হারিয়ে এটি প্রায় ৯০ শতাংশ পানিতে ডুবে যায়।
বন্দর ও নৌপরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটি উদ্ধারের প্রস্তুতি চলছে। দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাইয়ে তদন্ত শুরু হয়েছে।
Tags: cheap courier, export import, insurance benefit, shipment, চট্টগ্রাম বন্দর