জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের সাজা দেয়া হয়।
সোমবার (১৭ নভেম্বর) ট্রাইব্যুনাল–১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।
এই মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছিল। অভিযোগগুলোর মধ্যে ছিল—গত বছরের ১৪ জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে ‘উসকানিমূলক বক্তব্য’ দেওয়া, আন্দোলনকারীদের ওপর হেলিকপ্টার–ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যার নির্দেশ, রাজধানীর চানখাঁরপুলে ছয় আন্দোলনকারীকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যার নির্দেশ দেওয়া।
শুরুতে মামলার একমাত্র আসামি ছিলেন শেখ হাসিনা। পরে গত ১৬ মার্চ সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এরপর ১২ মে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নামও মামলায় যোগ করা হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনার পর আজ তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেয় ট্রাইব্যুনাল।
বিটি/ আরকে
Tags: আইজিপি মামুন, মৃত্যুদণ্ড, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল