ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি গোপনীয় তথ্য পাওয়ার লক্ষ্যে মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় ২ কোটি ডলার বা প্রায় ২ হাজার ৪৭৯ কোটি ৬০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এই ঘোষণা নিশ্চিত করেছে। পুরস্কারের পাশাপাশি তথ্য প্রদানকারী ব্যক্তিকে নতুন ঠিকানায় বসবাসের সুবিধাও দেওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) নিরাপত্তাজনিত বিভিন্ন শর্ত মানতে ইরান ক্রমাগত ব্যর্থ হচ্ছে। এর ফলে আইএইএ তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যথাযথ নজরদারি বজায় রাখতে পারছে না। এমনকি সেন্ট্রিফিউজ উৎপাদনসহ গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক কার্যক্রমের বর্তমান অবস্থা নিয়েও সংস্থাটি এখন অন্ধকারে রয়েছে। তবে ঠিক কোন ধরনের সুনির্দিষ্ট তথ্যের বিনিময়ে এই বিপুল অর্থ প্রদান করা হবে, সে বিষয়ে কর্তৃপক্ষ কোনো স্পষ্ট মানদণ্ড প্রকাশ করেনি। এর আগে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরান যুদ্ধ বন্ধে চুক্তিতে আগ্রহী। বর্তমানে এই পারমাণবিক তথ্য পাওয়ার বিষয়টি ওয়াশিংটনের কৌশলগত লক্ষ্যগুলোর একটি বলে মনে করা হচ্ছে।
Tags: ইরান, ডনাল্ড ট্রাম্প, পারমাণবিক কর্মসূচি, যুক্তরাষ্ট্র, সেন্টকম