কক্সবাজারে শিক্ষা সফরে যাওয়ার পথে চট্টগ্রামের সাতকানিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের ডোবায় পড়ে দুই মাদরাসা শিক্ষক প্রাণ হারিয়েছেন। এই দুর্ঘটনায় অন্তত আরও ৩০ জন শিক্ষক ও শিক্ষার্থী আহত হয়েছেন। শনিবার ভোর ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট রেলক্রসিং সংলগ্ন কেবিএম ইটভাটার সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অর্থনীতি বিভাগের প্রভাষক সোহানা আফরোজ (৪৫) এবং একই মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক নাদেরা আফরোজের স্বামী সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৬)।
মাদ্রাসার ২০২৬ সালের আলিম পরীক্ষার্থী মো. তরিকুল ইসলাম ঘটনার বর্ণনা দিয়ে জানান, শুক্রবার রাত ১০টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে দু’টি বাসে করে শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী কক্সবাজারের উদ্দেশে রওনা হন। তাদের বাসটি সামনে থাকলেও পেছনে থাকা বাসটি কেরানীহাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ডোবায় পড়ে যায়। খবর পেয়ে সামনের বাসের সবাই দ্রুত দুর্ঘটনাস্থলে ছুটে যান। পরবর্তীতে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশের সম্মিলিত প্রচেষ্টায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার বিষয়ে মাদ্রাসার সহকারী শিক্ষক আবদুর রহিম জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে যায় এবং নিহত দুজন গাড়ির সামনের আসনে বসা ছিলেন। তাদের ধারণা, পানিতে ডুবে শ্বাস নিতে না পেরে তারা মারা যান। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার বলেন, আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা সম্ভব হয়েছে। আইনি প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে নিহতদের দেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
Tags: চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক, দোহাজারী হাইওয়ে থানা, মাদ্রাসা শিক্ষক নিহত, শিক্ষা সফর দুর্ঘটনা, সাতকানিয়া সড়ক দুর্ঘটনা