যুদ্ধবিধ্বস্ত গাজায় চরম প্রতিকূলতার মাঝেও জীবন ও ভালোবাসার জয়গান গাইলেন ফিলিস্তিনিরা। শুক্রবার গাজা সিটিতে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে একসঙ্গে ২৫০ জন দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের পৃষ্ঠপোষকতায় পরিচালিত মানবিক সহায়তা উদ্যোগ ‘অপারেশন নাইটলি নাইট ৩’-এর সহযোগিতায় এই গণবিয়ের আয়োজন করা হয়।
‘থাওব আল ফারাহ’ বা ‘আনন্দের পোশাক’ স্লোগানকে সামনে রেখে সাজানো এই অনুষ্ঠানে কনেরা ঐতিহ্যবাহী ফিলিস্তিনি কারুকার্যমণ্ডিত পোশাক ‘তাতরিজ’ পরে অংশ নেন। তাদের হাতে ছিল ফুল এবং বরদের পরনে ছিল আনুষ্ঠানিক স্যুট ও ঐতিহ্যবাহী কেফিয়াহ। যুদ্ধের কারণে দীর্ঘদিন ধরে যাদের বিয়ে পিছিয়ে গিয়েছিল, তাদের সহায়তা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ধ্বংসস্তূপের মাঝে আয়োজিত এই বিয়ে গাজার বাসিন্দাদের মধ্যে কিছুটা স্বস্তি ও আনন্দের পরশ এনে দেয়। সংগীত, উৎসব এবং পারস্পরিক সম্প্রীতির মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়। এমন এক মানবিক আয়োজনে ধ্বংসের জনপদে নতুন করে আশার বার্তা ছড়িয়ে পড়েছে।
প্রতিকূল পরিস্থিতির মধ্যেও জীবন ও ঘুরে দাঁড়ানোর প্রত্যয় যে থেমে নেই, ২৫০ দম্পতির এই গণবিবাহ যেন তারই এক উজ্জ্বল প্রতীক। যুদ্ধ ও আর্থিক সংকটের কশাঘাতে জর্জরিত গাজার মানুষের কাছে এই আয়োজনটি ছিল স্বকীয়তা বজায় রেখে টিকে থাকার এক বড় অনুপ্রেরণা।
Tags: গণবিয়ে, গাজা, ফিলিস্তিন, সংযুক্ত আরব আমিরাত