ওমানের উপকূলে হরমুজ প্রণালিতে একটি জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা ইউকেএমটিও এক সতর্কবার্তায় জানিয়েছে, খাসাব উপকূল থেকে প্রায় ২৫ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে জাহাজটিতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ঘটনার সময় জাহাজটি হরমুজ প্রণালি দিয়ে বাইরে যাচ্ছিল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সংস্থাটি জানিয়েছে, একটি তৃতীয় পক্ষ তাদের এই আগুনের খবরটি নিশ্চিত করেছে।
তবে ঠিক কী কারণে আগুনের ঘটনাটি ঘটেছে, তা এখনো নিশ্চিত নয়। অগ্নিকাণ্ডের পর নাবিক ও ক্রুদের পরিস্থিতি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া জাহাজটির ক্ষয়ক্ষতি এবং সামুদ্রিক পরিবেশের ওপর এর কোনো প্রভাব পড়েছে কি না, তাও এখনো অস্পষ্ট। ঘটনার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
পরিস্থিতি বিবেচনায় হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সব জাহাজকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে ইউকেএমটিও। একই সঙ্গে কোনো ধরনের সন্দেহজনক তৎপরতা নজরে এলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
Tags: ইউকেএমটিও, ওমান, জাহাজে আগুন, হরমুজ প্রণালি