ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরের পোশাক কারখানার শ্রমিকরা টানা তৃতীয় দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। রোববার ১ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈরের মৌচাক এলাকায় সড়ক আটকে শ্রমিকরা আন্দোলন শুরু করেন। এক পর্যায়ে সফিপুর, রতনপুর ও এর আশেপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরাও মহাসড়কে নেমে আসেন।
বিক্ষোভের কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আপাতত ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে কোনাবাড়ী, সফিপুর ও কালিয়াকৈরের মতো সংবেদনশীল এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে বিজিবির সদস্য সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন শিল্প পুলিশ কর্মকর্তা। আপাতত ৫ প্লাটুন থাকার কথা রয়েছে। ইতোমধ্যে সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তবে প্রয়োজন অনুযায়ী বিজিবি মোতায়েন থাকবে।
Tags: কালিয়াকৈর, গাজীপুর, পোশাক শ্রমিক, বিজিবি, মহাসড়ক অবরোধ