তেহরান ও ওয়াশিংটনের চলমান পরোক্ষ আলোচনায় ইতিবাচক অগ্রগতির ধারাবাহিকতায় কাতারের রাজধানী দোহায় পৌঁছেছে একটি ইরানি প্রতিনিধিদল। কাতারের একটি সংবাদপত্রের প্রতিবেদনের মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
আল-আরাবি আল-জাদিদের প্রতিবেদনে এক ইরানি সূত্রের বরাতে জানানো হয়, তেহরানে কাতারি প্রতিনিধিদের সঙ্গে নিবিড় আলোচনার পরই এই অগ্রগতি অর্জিত হয়। পরবর্তীতে কাতারি প্রতিনিধিদের সঙ্গে একই বিমানে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির একজন উপপ্রতিনিধিসহ পুরো দলটি দোহায় পাড়ি জমায়। মূলত কাতারি মধ্যস্থতাকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রাখতেই তারা সেখানে অবস্থান করছেন।
ওই ইরানি সূত্র আরও নিশ্চিত করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনও সরাসরি প্রক্রিয়া চলছে না; সম্পূর্ণ আলোচনাটি মধ্যস্থতাকারীর মাধ্যমে পরোক্ষভাবে পরিচালিত হচ্ছে। তবে কাতার ও পাকিস্তানের যৌথ মধ্যস্থতা প্রক্রিয়া সম্পর্কে অবগত সূত্রগুলো জানিয়েছে, এই কূটনৈতিক প্রক্রিয়ায় একটি মার্কিন প্রতিনিধিদল দোহায় যোগ দেবে বলে আশা করা হচ্ছে। তারা দোহায় পৌঁছানোর পর ইরানি আলোচকদের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে পারে বলেও ইঙ্গিত পাওয়া গেছে।
প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়, এই সম্ভাব্য সমঝোতার আওতায় ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালিতে নৌচলাচল নিরাপদ রাখা এবং তেহরানের জন্য আর্থিক প্রণোদনা সংক্রান্ত প্রাথমিক বিষয়গুলোতে দুই পক্ষ ঐকমত্যে পৌঁছাতে পারে। এটি পরবর্তীতে পূর্ণাঙ্গ আলোচনা পুনরারম্ভের পথ উন্মুক্ত করবে। তাছাড়া এই চুক্তির সঠিক বাস্তবায়ন নিশ্চিত করার লক্ষ্যে চীন ও রাশিয়া গ্যারান্টার হিসেবে দায়িত্ব পালন করবে বলে জানা গেছে।
Tags: আমেরিকা, ইরান, কাতার, দোহা আলোচনা, পারমাণবিক চুক্তি, মধ্যপ্রাচ্য