জনতা ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. মাহবুব আলম। বুধবার (২৫ নভেম্বর) থেকে আগামী তিন বছরের জন্য তিনি ব্যাংকটির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি সাউথইস্ট ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে দায়িত্ব পালনকালে আর্থিক প্রবৃদ্ধি ও সুশাসন প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখেন।
নরসিংদী জেলার মনোহরদী উপজেলার দীঘাকান্দি গ্রামে ১৯৭৩ সালে জন্মগ্রহণ করেন মাহবুব আলম। তার বাবা মুসলেহ উদ্দিন আহমেদ ও মা হাসনা বানু। তিনি ১৯৯৫ সালে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে (বিআইডিএস) কর্মজীবন শুরু করলেও ১৯৯৬ সালে উত্তরা ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং খাতে যাত্রা শুরু করেন।
সুদীর্ঘ কর্মজীবনে তিনি যমুনা ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের বিভিন্ন শাখার প্রধানসহ করপোরেট ব্যাংকিংয়ের গুরুত্বপূর্ণ বিভাগে কাজ করেছেন। এছাড়া এনসিসি ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবেও তিনি দক্ষতা ও অভিজ্ঞতার স্বাক্ষর রেখেছেন।
Tags: অর্থনীতি, জনতা ব্যাংক, নিয়োগ, ব্যাংকিং, মাহবুব আলম