তুরস্কের শীর্ষস্থানীয় টেক্সটাইল শিল্পগোষ্ঠী সানকো হোল্ডিং বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগের উদ্যোগ নিয়েছে। মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে একটি অত্যাধুনিক ডেনিম উৎপাদন কারখানা স্থাপনের জন্য তারা বাংলাদেশের ডিবিএল গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগ গ্রহণ করেছে। বুধবার ইনভেস্ট বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয় যে, এই প্রকল্পে সানকো হোল্ডিং ৩০০ মিলিয়ন বা ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে। কারখানাটিতে একটি ইন্টিগ্রেটেড স্পিনিং ইউনিটও যুক্ত থাকবে। ১৯০৪ সালে যাত্রা শুরু করা পারিবারিক মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি বস্ত্র, নবায়নযোগ্য জ্বালানি, নির্মাণ, প্যাকেজিং ও অর্থায়ন খাতে বৈশ্বিকভাবে কাজ করছে। তাদের ডেনিম বিভাগ ‘ইসকো’ বিশ্বের অন্যতম বৃহৎ ডেনিম কাপড় উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। এর টেক্সটাইল ব্যবসার ইতিহাস ১৯০৪ সাল পর্যন্ত বিস্তৃত। বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইনভেস্ট বাংলাদেশ। প্রকল্প বাস্তবায়নে সহায়তা দিতে ইনভেস্ট বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।
প্রতিষ্ঠানটির বার্ষিক উৎপাদন সক্ষমতা ২৫ থেকে ৩০ কোটি মিটারের বেশি এবং বিশ্বের ৬০টিরও বেশি দেশে তাদের গ্রাহক রয়েছে। এছাড়া তুরস্কে সরকারিভাবে অনুমোদিত প্রথম টেক্সটাইল গবেষণা ও উন্নয়ন কেন্দ্রটিও তারাই পরিচালনা করে। সানকোর প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বোর্ডের ভাইস চেয়ার ফাতিহ কোনুকোগ্লু এবং বোর্ড সদস্য হাকান কোনুকোগ্লু। তারা ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠক করে বিনিয়োগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। প্রস্তাবিত এই রপ্তানিমুখী কারখানা থেকে প্রায় ৪ হাজার ৪০০ জনের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে। কারখানাটির মাসিক উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০ মিলিয়ন মিটার এবং ২০২৮ সালের প্রথম প্রান্তিকের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে।
ইনভেস্ট বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, প্রতিনিধিদলে সানকোর প্রধান আর্থিক কর্মকর্তা মুস্তাফা গুনবুলুত, প্রধান কৌশল কর্মকর্তা চাগাতায় আবরাস এবং আঞ্চলিক প্রধান ব্যবস্থাপক তেজকান বালতাস উপস্থিত ছিলেন। যৌথ উদ্যোগের অংশীদার ডিবিএল গ্রুপের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক এম. এ. জব্বার, ট্রেজারি প্রধান জাকারিয়া চৌধুরী এবং গ্রুপ রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান জুয়েল জাব্বার উপস্থিত ছিলেন। এছাড়াও ইনভেস্ট বাংলাদেশের সদস্য নাহিয়ান রহমান রচি এ সময় উপস্থিত ছিলেন। সংস্থাটির তথ্যমতে, ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক থেকে সানকো হোল্ডিং ইনভেস্ট বাংলাদেশের ১.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ পাইপলাইনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করছে। এই বিনিয়োগ বাংলাদেশের টেক্সটাইল খাতের ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পকে শক্তিশালী করার পাশাপাশি দেশের রপ্তানি আয় বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। নিরবচ্ছিন্ন যোগাযোগ, নিয়মিত ফলো-আপ এবং সক্রিয় বিনিয়োগকারী-সহায়তার মাধ্যমে ইনভেস্ট বাংলাদেশ প্রাথমিক আগ্রহ থেকে বর্তমান বিনিয়োগ-প্রতিশ্রুতির পর্যায়ে প্রস্তাবটি এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
Tags: ডিবিএল গ্রুপ, ডেনিম, বিনিয়োগ, শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল, সানকো হোল্ডিং