বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে উত্তাল হয়ে উঠেছে সাগর, ফলে উপকূলীয় জেলাগুলোতে ১ থেকে ৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা তৈরি হয়েছে।
শনিবার (২৬ জুলাই) আবহাওয়া অধিদফতর এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন ঝাড়খণ্ড অঞ্চলে নিম্নচাপটি অবস্থান করছে এবং এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের পার্থক্য বেড়ে যাওয়ায় সাগরে ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।
ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
অমাবস্যা এবং নিম্নচাপের মিলিত প্রভাবে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজারসহ আশপাশের দ্বীপ ও চরাঞ্চল ১ থেকে ৩ ফুট উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদফতর সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে অনুরোধ জানিয়েছে।
বিটি/ আরকে
Tags: জলোচ্ছ্বাস, নিম্নচাপ, সাগর