ব্যাংক কোম্পানিতে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগের যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত নতুনভাবে নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে পূর্বের নির্দেশনা সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা।
বুধবার প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয়, ব্যাংক কোম্পানিতে এমডি বা সিইও পদে নিয়োগের ক্ষেত্রে কমপক্ষে ২০ বছরের ব্যাংকিং অভিজ্ঞতার পাশাপাশি উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) বা অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে এককভাবে বা সম্মিলিতভাবে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
তবে ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থায় চাকরির অভিজ্ঞতা থাকলে আলাদা শর্ত প্রযোজ্য হবে। সে ক্ষেত্রে প্রথম শ্রেণি বা সমমানের পদে অন্তত ২৫ বছরের অভিজ্ঞতার পাশাপাশি জাতীয় বেতন স্কেলের ২য় গ্রেডের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের প্রমাণ থাকতে হবে।
বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি সার্কুলার নং-০৫/২০২৪–এর ২(গ)(১০) ধারায় পূর্বে এমডি পদে নিয়োগের জন্য অন্যান্য শর্তের পাশাপাশি পূর্ববর্তী পদে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতার কথা বলা ছিল। নতুন নির্দেশনায় সেটি বাতিল করে সংশোধিত অভিজ্ঞতা শর্ত যুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, সংশোধিত অংশ ছাড়া পূর্বের সার্কুলারের অন্যান্য সব নির্দেশনা অপরিবর্তিত থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।
বিটি/ আরকে
Tags: বাংলাদেশ ব্যাংক, ব্যাংকের এমডি