সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা শহরের মুশিরফা এলাকায় ইসলামিক স্টেট বা আইএস জঙ্গিরা ভয়াবহ হামলা চালিয়েছে। বুধবার এই হামলার ঘটনায় নিরাপত্তা বাহিনীর দুই সদস্যসহ মোট ছয়জন নিহত হয়েছেন। ভয়াবহ এই হামলায় আরো পাঁচজন আহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। হামলায় অংশ নেওয়া চার হামলাকারীও নিহত হয়েছেন।
প্রাদেশিক প্রশাসনের গণমাধ্যম বিভাগের তথ্যানুযায়ী, ঘটনার দিন চারজন সশস্ত্র হামলাকারী নিরাপত্তা বাহিনীর তল্লাশিচৌকি লক্ষ্য করে অতর্কিত আক্রমণ চালায়। সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী বা আইএসএফের ভাষ্যমতে, নিরাপত্তা বাহিনীর পাল্টা প্রতিরোধে দুইজন হামলাকারী নিহত হয়। অপর দুইজন হামলাকারী শরীরে বিস্ফোরক বেঁধে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। এর মধ্যে একজন বিস্ফোরকভর্তি মোটরসাইকেল নিয়ে তল্লাশিচৌকির প্রবেশপথে গিয়ে বিস্ফোরণ ঘটিয়ে নিজের প্রাণ হারায়। আইএসএফ তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে ঘটনাস্থলের কিছু ছবি প্রকাশ করেছে, যেখানে হামলাকারীদের ব্যবহৃত বিস্ফোরকভর্তি পোশাক দেখা গেছে। অন্য দুজন আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দেন। আইএসএফ তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে হামলাস্থলের কয়েকটি ছবি প্রকাশ করেছে।
এই হামলার ঘটনার পর হাসাকার ডেপুটি গভর্নর আহমেদ আল-হিলালি তীব্র নিন্দা জানিয়ে ঘটনার পেছনের মূল কারণ ও জড়িতদের শনাক্ত করার কঠোর প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, সাধারণ নাগরিকের জানমালের নিরাপত্তা এবং অঞ্চলের স্থিতিশীলতা রক্ষা করাই বর্তমানের প্রধান লক্ষ্য। যে কোনো মূল্যে এই দায়িত্ব পালন করা হবে এবং নিরাপত্তা বাহিনী এই পথ থেকে কখনোই পিছিয়ে আসবে না।
উল্লেখ্য, সিরিয়ায় আইএসের হামলা নতুন কোনো বিষয় নয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতিসংঘের এক প্রতিবেদনে উঠে আসে যে, বিগত এক বছরে দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল-শারাসহ মন্ত্রিসভার একাধিক জ্যেষ্ঠ সদস্যকে হত্যার পাঁচটি বড় ধরনের চক্রান্ত নস্যাৎ করেছে নিরাপত্তা বাহিনী। এসব ষড়যন্ত্রের পেছনেও আইএস জঙ্গিদের সক্রিয় সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছিল। যদিও জাতিসংঘ নির্দিষ্ট তারিখ উল্লেখ করেনি, তবে উত্তর আলেপ্পো ও দারা প্রদেশের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় এসব হামলার চেষ্টা চালানো হয়েছিল। সিরিয়ায় সাম্প্রতিক সময়ে আইএসের হামলার ঘটনা অব্যাহত রয়েছে।
এর আগে গত অক্টোবরেও একই ধরনের সহিংসতা প্রত্যক্ষ করেছে সিরিয়া। তখন রাজধানী দামেস্কের উপকণ্ঠে এক অভিযানে সন্দেহভাজন আইএস সদস্যদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। সেই ঘটনায়ও বাহিনীর দুইজন সদস্য নিহত এবং পাঁচজন আহত হয়েছিলেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৎকালীন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল। বাহিনীটির দাবি, তাদের অভিযানে ওই হামলাকারীর মৃতু হয়েছে।
Tags: আইএস, আত্মঘাতী হামলা, নিরাপত্তা বাহিনী, সিরিয়া, হাসাকা