মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরকে ঘিরে জাতীয় স্বার্থ ও নিরাপত্তা বিসর্জন দেওয়ার মতো কোনো উদ্যোগ জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন।
ফেসবুক পোস্টে জামায়াত আমীর আরও বলেন, ভৌগোলিক সার্বভৌমত্ব ও নিরাপত্তা ক্ষুণ্ন হয় এমন কোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার অবকাশ নেই। অতীতে ট্রানজিট বা করিডোরের নামে নানা সুবিধা দিলেও বাংলাদেশ সেগুলোর কোনো সুফল পায়নি। তাই বর্তমান প্রকল্পগুলো নিয়ে সরকারের স্বচ্ছতা বজায় রাখা প্রয়োজন।
যেকোনো বন্ধুরাষ্ট্রের সাথে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের নিজস্ব স্বার্থ ও নিরাপত্তা সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। শফিকুর রহমান বলেন, জাপান কিংবা চীন—যাই হোক না কেন, সবার আগে দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে। সরকারের কাছে জনগণের প্রত্যাশা, এ ক্ষেত্রে কোনো ব্যর্থতা বা আপস করা যাবে না।
Tags: গভীর সমুদ্রবন্দর, জাতীয় স্বার্থ, জামায়াতে ইসলামী, মাতারবাড়ি, শফিকুর রহমান