অরুণাচল প্রদেশের মন্ত্রী বালো রাজা দাবি করেছেন, ভারত বর্তমানে অত্যন্ত শক্তিশালী এবং দেশটির গোয়েন্দা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার ইটানগরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। বালো রাজা এ সময় গোয়েন্দা সক্ষমতার বিষয়টি বোঝাতে ‘ধুরন্ধর’ নামক স্পাই থ্রিলার সিনেমাটি দেখার পরামর্শ দিয়ে বলেন, ‘ছবিটি দেখলে ভারতের সক্ষমতা সম্পর্কে ধারণা পাওয়া যাবে।’
এর আগে গত ২২ অক্টোবর রাজস্থানের আলওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) প্রধান শত্রুজিৎ সিংহ কাপুর জানিয়েছিলেন, ভারত-চীন সীমান্তের একাধিক পয়েন্টে দুই দেশের সেনারা মুখোমুখি অবস্থানে রয়েছে। সীমান্ত পরিস্থিতির এই টানাপোড়েন মোকাবিলায় তিনি আইটিবিপির নবগঠিত ‘শৌর্য’ কমান্ডো বাহিনীর কার্যক্রম ও ভূমিকার প্রশংসা করেন।
আইটিবিপি প্রধানের এই বক্তব্যের পর ভারতের রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। সীমান্ত পরিস্থিতির সাম্প্রতিক অস্থিতিশীলতা ও সেনাদের মুখোমুখি অবস্থানের কারণ ব্যাখ্যা করার জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি দাবি জানিয়েছেন বিরোধী দলের নেতারা।
Tags: অরুণাচল, আইটিবিপি, বালো রাজা, ভারত, ভারত-চীন সীমান্ত