বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের মির্জাপুরে চিলাহাটীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সকাল ৯টার দিকে মহেড়া স্টেশন এলাকা অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি এর আগে সকাল ৬টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে এসেছিল। বড় ধরনের কোনো প্রাণহানি না ঘটলেও এ ঘটনায় রেলওয়ের একজন কর্মী আহত হয়েছেন। জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টা ৪৫মিনিটে চিলাহাটীর উদ্দেশে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯ টার দিকে মির্জাপুরের মহেড়া স্টেশন অতিক্রম করার কিছুক্ষণ পর একটি বগি লাইনচ্যুত হয়।
দুর্ঘটনার পর থেকেই ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, যার ফলে বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে একাধিক ট্রেন। এতে ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী। মহেড়া রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার রকিবুল হাসান জানিয়েছেন, উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে বগিটি সরানোর কাজ শুরু করেছে। লাইন স্বাভাবিক করতে সন্ধ্যা পর্যন্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুপুরে সংবাদটি লেখা পর্যন্ত রেল যোগাযোগ স্থবির অবস্থার মধ্যেই ছিল।
Tags: টাঙ্গাইল, ট্রেন দুর্ঘটনা, নীলসাগর এক্সপ্রেস, মির্জাপুর, রেল যোগাযোগ