রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‘নজরুল বর্ষ ২০২৬’ উদযাপন উপলক্ষে এক বর্ণিল সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া ভবনের তৃতীয় তলায় এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। তিনি তাঁর বক্তব্যে বলেন, জাতীয় কবি কাজী নজরুলের বিদ্রোহী চেতনা, সাম্য এবং অসাম্প্রদায়িক আদর্শ আমাদের সব সময় অনুপ্রাণিত করে। নতুন প্রজন্মের কাছে এই জীবনদর্শন ও সাহিত্যকর্ম পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য আয়োজকদের প্রতি ধন্যবাদ জানান উপাচার্য।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। এছাড়াও আলোচনায় অংশ নেন বেরোবি কলা অনুষদের ডিন অধ্যাপক ড. নিতাই কুমার ঘোষ এবং সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের পরিচালক ড. মো. মনিরুজ্জামান।
‘নজরুল বর্ষ উদযাপন কমিটি ২০২৬’-এর আহ্বায়ক অধ্যাপক ড. মো. শাহ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে আয়োজিত এই সেমিনার শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
Tags: নজরুল বর্ষ, পুরস্কার বিতরণ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বেরোবি, সেমিনার