শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হকের নিজ উপজেলা চাঁদপুরের কচুয়ায় এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে ধস নেমেছে। উপজেলার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার আশানুরূপ না হওয়ায় সামগ্রিক ফলাফলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। সেখানকার ৯টি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় মোট ১ হাজার ৫৭৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে পাস করেছেন মাত্র ৬২৯ জন এবং সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৩ জন শিক্ষার্থী। ফলে উপজেলায় এইচএসসিতে পাসের হার দাঁড়িয়েছে ৩৯.৯৬ শতাংশে।
এইচএসসিতে সার্বিক খারাপ ফলাফলের মধ্যেও কৃতিত্ব দেখিয়েছে ড. মনসুর উদ্দীন মহিলা কলেজ। ১৭১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫৬ জন পাস এবং ১ জন জিপিএ-৫ অর্জন করায় প্রতিষ্ঠানটি উপজেলায় প্রথম স্থান দখল করেছে।
অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় কচুয়ার ১৪টি মাদ্রাসা থেকে অংশ নেন ৪৬০ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ২৯৫ জন উত্তীর্ণ হয়েছেন এবং জিপিএ-৫ পেয়েছেন ৭ জন। আলিমে পাসের হার ৬৪.১৩ শতাংশ। আলিম পরীক্ষায় উপজেলায় সেরা ফল করেছে নিশ্চিন্তপুর ডি এস ইসলামিয়া কামিল মাদ্রাসা; প্রতিষ্ঠানটির ৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৭ জন পাস করেছেন এবং ২ জন জিপিএ-৫ পেয়েছেন।
Tags: এইচএসসি পরীক্ষা, কচুয়া, চাঁদপুর, জিপিএ-৫, পরীক্ষার ফলাফল, শিক্ষামন্ত্রী