কাতারের রাজধানী দোহার ঐতিহাসিক ইমাম মুহাম্মদ বিন আবদুল ওয়াহহাব মসজিদে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মর্যাদাপূর্ণ ‘শাইখ জাসেম বিন মুহাম্মদ বিন থানি আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা’র ‘সেরাদের সেরা’ (বেস্ট অব দ্য বেস্ট) শীর্ষক তৃতীয় আসর। বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জনকারী সেরা হাফেজদের নিয়ে এই বিশালাকার আয়োজন করা হয়েছে।
মারসাল কাতার ও আন্তর্জাতিক কোরআন বার্তা সংস্থা ইকনা’র প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় মোট ১৯টি দেশের ৪২ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। গত সোমবার থেকে শুরু হওয়া আসরের প্রথম পর্বের প্রতিযোগিতা চলবে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত। উদ্বোধনী দিনে দুই সেশনে আটটি দেশের নয়জন হাফেজ নিজেদের হিফজ ও অনন্য তিলাওয়াত উপস্থাপন করেন। এই মেগা আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন হাফেজ মুআজ মাহমুদ।
প্রতিযোগিতার সূচি অনুযায়ী, আগামী ১৫ নভেম্বর প্রথম পর্ব থেকে নির্বাচিত শীর্ষ ১০ জন ফাইনালিস্টের নাম প্রকাশ করা হবে। এরপর ১৬ ও ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা। এই আসরে বিজয়ীকে ‘সেরাদের সেরা’ খেতাবের পাশাপাশি প্রধান পুরস্কার হিসেবে দেওয়া হবে এক মিলিয়ন কাতারি রিয়াল।
প্রতিযোগিতায় অংশ নেওয়া আন্তর্জাতিক মানের হাফেজরা সংবাদমাধ্যমকে জানান, কুরআন সংরক্ষণের এই প্রক্রিয়া তাদের ব্যক্তিসত্তায় প্রবল আত্মবিশ্বাস তৈরি করেছে এবং মানসিক ও আচরণগত দক্ষতা বাড়িয়ে দিয়েছে। নিয়মিত তিলাওয়াত ও অনুশীলন তাদের স্মৃতিশক্তি প্রখর করার পাশাপাশি দায়িত্ববোধ ও সময় ব্যবস্থাপনায় পরিপক্ব করেছে। অভিভাবক ও শিক্ষকদের নিরলস সমর্থন এবং সুনির্দিষ্ট রুটিনকেই নিজেদের সাফল্যের চাবিকাঠি হিসেবে দেখছেন তারা। একই সঙ্গে এই চর্চা আরবি ভাষায় পারদর্শিতার পাশাপাশি তাদের নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের ইতিবাচক বিকাশ ঘটিয়েছে।
Tags: ইসলামিক আসর, কাতার, কুরআন প্রতিযোগিতা, দোহা, মুআজ মাহমুদ, শাইখ জাসেম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা