যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার জন্য নিষ্ক্রিয় বসে থাকবে না ইরান। প্রয়োজনে পাল্টা আগাম পদক্ষেপ নেওয়া হতে পারে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। গত রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিওবার্তায় তিনি এমনটি জানান। রোববার (১৫ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যের একটি ভিডিও দেশটির সংবাদ সংস্থা ফার্স প্রকাশ করেছে। এর মাধ্যমে তারা ইরানে নতুন করে হামলার প্রস্তুতির ক্ষেত্র তৈরি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
কূটনীতির আড়ালে যুক্তরাষ্ট্র সময়ক্ষেপণ করে নতুন করে হামলার ক্ষেত্র প্রস্তুত করছে বলে তিনি মন্তব্য করেন। ঘারিবাবাদি দৃঢ়তার সঙ্গে বলেন, ইরান কিউবা নয় যে তাদের অবরুদ্ধ করা যাবে, আবার ভেনেজুয়েলাও নয় যে চাপে পড়ে আত্মসমর্পণে বাধ্য হবে। তার দাবি, এখন পর্যন্ত আকাশ কিংবা স্থলপথে ইরানকে কোনো ধরনের অবরোধের জালে আটকে রাখতে সফল হয়নি ওয়াশিংটন।
ইরানের চলমান এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নতুন পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরিতে কাজ করছে বলেও তিনি নিশ্চিত করেন। তেহরানের এই সাহসী ঘোষণা যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান টানাপোড়েনের মাঝে দেশটিতে কঠোর অবস্থানের স্পষ্ট বার্তা দিচ্ছে।
Tags: আইআরজিসি, ইরান, কাজেম ঘারিবাবাদি, মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র