শান্তিতে নোবেল পুরস্কারজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় সাম্প্রতিক হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ। সোমবার নিয়মিত ব্রিফিংয়ে সংস্থাটির মহাসচিবের উপ-প্রেস সচিব ফারহান হক জানান, বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর অধিকার রয়েছে, তবে যেকোনো ধরনের প্রতিবাদ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে। বাংলাদেশে সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের সমর্থকরা গ্রামীণ ব্যাংকের এক ডজনের বেশি শাখায় হামলা চালায়। সাংবাদিক আবু সুফিয়ানের এক প্রশ্নের জবাবে ফারহান হক মন্তব্য করেন, সহিংসতার প্রতিটি ঘটনার জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া প্রয়োজন। তিনি জোর দিয়ে বলেন যে, প্রতিবাদের নামে যেকোনো ধরনের সহিংসতা গ্রহণযোগ্য নয় এবং শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার সমুন্নত রাখা জরুরি। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রতি ক্ষোভ থেকেই এ ধরনের হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। আপনারা জানেন, এই ব্যাংকটি নোবেল শান্তি পুরস্কারজয়ী একটি প্রতিষ্ঠান। জাতিসংঘ কি এ বিষয়টিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখবে, নাকি এ বিষয়ে তাদের কোনো বক্তব্য রয়েছে।
ব্রিফিংয়ে সাংবাদিক আবু সুফিয়ান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বর্তমান শারীরিক অবস্থা এবং তার জীবনের নিরাপত্তার শঙ্কা নিয়েও প্রশ্ন তোলেন। ইমরান খান বিচারকের কাছে লেখা চিঠিতে তার ও পরিবারের সদস্যদের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা ব্যক্ত করেছেন। এছাড়া জাতিসংঘের মহাসচিবের সাম্প্রতিক পাকিস্তান সফর এবং সেখানকার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের বিষয়টিও আলোচনায় উঠে আসে। এর জবাবে ফারহান হক জানান, মহাসচিবের পাকিস্তান সফরের বিস্তারিত তথ্য ও বৈঠকের বিষয়বস্তু আগেই প্রকাশ করা হয়েছে, যা সংশ্লিষ্টরা পর্যালোচনা করতে পারেন। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, ইমরান খানের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে যেসব উদ্বেগ প্রকাশ করা হচ্ছে, সেগুলোকে কর্তৃপক্ষের সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখা উচিত এবং এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা একান্ত প্রয়োজন। এ ছাড়া জাতিসংঘের মহাসচিব গত অক্টোবরের শুরুতে পাকিস্তান সফর করেন। সেখানে তিনি প্রধানমন্ত্রী, ফিল্ড মার্শাল এবং উপপ্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন।
Tags: ইমরান খান, গ্রামীণ ব্যাংক, জাতিসংঘ, ফারহান হক, বাংলাদেশ, মুহাম্মদ ইউনূস