রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারে গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়কে স্বীকৃতি দিয়েছে ইউরোপ, আফ্রিকা ও ওশেনিয়ার ১৪টি দেশ। একই সঙ্গে আন্তর্জাতিক আইনের অধীনে নিজেদের দায়িত্ব পালনে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে দেশগুলো। পৃথকভাবে রোহিঙ্গা গণহত্যা করা হয়েছে বলে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছে বৃটেন। পাশাপাশি মিয়ানমারের সামরিক বাহিনীর পাঁচজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি। সোমবার বৃটেনসহ ১৪টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে আইসিজে-এর রায়কে স্বীকৃতি দেন। তালিকায় থাকা অন্য ১৩টি দেশ হলো অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড, পর্তুগাল, স্পেন ও গাম্বিয়া।
যৌথ বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, মিয়ানমার গণহত্যা সনদের অধীনে তার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে। আদালতের রায় মিয়ানমারের জন্য বাধ্যতামূলক। আন্তর্জাতিক আইনের অধীনে নিজেদের দায়িত্ব এবং আদালতের সিদ্ধান্ত পুরোপুরি মেনে চলার জন্য দেশটির প্রতি কঠোর আহ্বান জানানো হচ্ছে। আইসিজে-এর এই রায়কে মিয়ানমারের সামরিক অভিযানের আন্তর্জাতিক বিচারিক পরিণতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। যদিও মিয়ানমার সরকার এই রায়কে অন্যায্য ও বড় ধরনের হতাশা বলে অভিহিত করেছে।
১৯শে নভেম্বর এক ঐতিহাসিক রায়ে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) জানায়, ২০১৭ সালে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানে দেশটি গণহত্যা সংঘটিত করেছে।
আদালতের ৮০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্র গণহত্যা করেছে বলে চূড়ান্তভাবে নির্ধারণ করল আইসিজে।
রায় ঘোষণার পরপরই মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছিল বৃটেন। এবার গণহত্যার আনুষ্ঠানিক স্বীকৃতি এবং সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার মাধ্যমে দেশটির ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়ানো হলো। এই সম্মিলিত কূটনৈতিক প্রচেষ্টা রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদী সমাধানে এবং অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনার প্রক্রিয়ায় একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে এই যৌথ বিবৃতির মাধ্যমে। এর মাধ্যমে সবচেয়ে বেশি প্রয়োজন রয়েছে এমন প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষ উপকৃত হবেন।
Tags: আইসিজে, গণহত্যা, নিষেধাজ্ঞা, বৃটেন, মিয়ানমার, রোহিঙ্গা