দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ভয়াবহভাবে বেড়ে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি টাকায় পৌঁছেছে। যা ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ। ১৬ নভেম্বর সোমবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এই তথ্য প্রকাশ করেন।
সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে খেলাপি ঋণের হার ক্রমাগত বেড়েছে। ২০২২ সালে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ১২ হাজার ৯০১ কোটি টাকা বা ৭ দশমিক ৬৪ শতাংশ। ২০২৩ সালে তা বেড়ে দাঁড়ায় ৮ দশমিক ৩৯ শতাংশে এবং ২০২৪ সালে তা ১৭ দশমিক ৮৩ শতাংশে উন্নীত হয়। গত বছর অর্থাৎ ২০২৫ সালে ব্যাংক ঋণের বিপরীতে খেলাপি ঋণের হার ছিল ২৯ দশমিক ৯২ শতাংশ। সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালে ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ১২ হাজার ৯০১ কোটি ৮২ লাখ টাকা, যা ওই সময়ে বিতরণ করা মোট ঋণের বিপরীতে ৭ দশমিক ৬৪ শতাংশ।
চলতি ২০২৬ সালের সেপ্টেম্বর মাস শেষে দেশের ব্যাংকগুলোতে মোট ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি ১৭ লাখ টাকা। এর মধ্যে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকাই খেলাপি হয়ে পড়েছে। খেলাপি ঋণ আদায়ে করণীয় সম্পর্কে অর্থমন্ত্রী জানান, ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করা, বড় ঋণখেলাপিদের কাছ থেকে পাওনা আদায় এবং ভবিষ্যতে জালিয়াতি রোধে সরকার একটি সময়াবদ্ধ কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছে।
Tags: অর্থমন্ত্রী, আমীর খসরু মাহমুদ চৌধুরী, খেলাপি ঋণ, জাতীয় সংসদ, ব্যাংকিং খাত