সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন পে-কমিশনের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নেবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এ ব্যাপারে আগামী সরকার সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।
রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
এসময় তিনি জানান, আইএমএফ-এর সঙ্গে আমার চূড়ান্ত কথা হবে ১৫ তারিখে।
আইএমএফ-এর সঙ্গে আমার জুমে কথা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “ওরা বলেছে তোমাদের সার্বিক অর্থনৈতিক দিকটা নিয়ে আমরা অত্যন্ত হ্যাপি। ঠিক আছে যা যা করার তোমরা চেষ্টা করছ, করেছ।”
তিনি বলেন, ওদের কিছু কিছু রিকমেন্ডেশন আছে। যেমন রাজস্ব আয় বাড়াতে হবে। সেটা আমি স্বীকার করেছি, ট্যাক্স-জিডিপি রেশিও লো। সেটার অনেক কারণ আছে। আমাদের লোকজন ট্যাক্স দিতে চায় না। আবার এনবিআর বন্ধ ছিল দুই মাস। সেটার জন্য আমাদের বিরাট একটা… (অসুবিধা) হয়েছে। আমরা চেষ্টা করছি।
আইএমএফ-এর ব্যাপারে তিনি আরও বলেন, ওদের (আইএমএফ) আরেকটা ফাইন্ডিং আছে সামাজিক সুরক্ষার জন্য আরো বেশি ব্যয় করা, বিশেষ করে স্বাস্থ্য শিক্ষা সামাজিক নিরাপত্তা এবং খাদ্যটা।
খাদ্যের বিষয়ে সরকার ভালো করছে বলেও জানান তিনি।
বিটি/ আরকে
Tags: অর্থ উপদেষ্টা, পে কমিশন, সরকারি কর্মকর্তা–কর্মচারী