1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

হাদি হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ৮ মার্চ, ২০২৬

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সাল করিম মাসুদসহ দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ।

রোববার (৮ মার্চ) ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁও সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পশ্চিমবঙ্গ পুলিশের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ ও অবস্থানের অভিযোগে রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন নামে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। তারা বাংলাদেশে রাজনৈতিক কর্মী শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসটিএফ জানায়, চাঁদাবাজি ও খুনের মতো গুরুতর অপরাধ সংঘটনের পর বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে আসা দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে পশ্চিমবঙ্গের বনগাঁও সীমান্ত এলাকায় আত্মগোপনে ছিলেন।

পুলিশের কাছে তথ্য ছিল, সুযোগ বুঝে তারা আবার বাংলাদেশে ফেরার অপেক্ষায় ছিলেন। ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গত ৭ ও ৮ মার্চের মধ্যবর্তী রাতে বনগাঁও এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—পটুয়াখালীর বাসিন্দা রাহুল ফয়সাল করিম মাসুদ (৩৭) এবং ঢাকার বাসিন্দা আলমগীর হোসেন (৩৪)।

পশ্চিমবঙ্গ পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা রয়েছে। হত্যার পর তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং ভারতের বিভিন্ন স্থানে অবস্থানের পর সম্প্রতি বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে বনগাঁ এলাকায় জড়ো হন।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। রোববার তাদের আদালতে হাজির করা হলে আদালত পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পল্টন থানার বক্স কালভার্ট রোডে সশস্ত্র হামলার শিকার হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি। মতিঝিল মসজিদ থেকে জুমার নামাজ শেষে প্রচারণা চালিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার পথে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালায়।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়।

Tags:

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT