মায়ের চোখে (খালেদা জিয়া) দেখা নিরাপদ বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিট এলাকার গণসংবর্ধনা মঞ্চে তিনি বলেন, “আই হ্যাভ আ প্ল্যান ফর মাই কান্ট্রি” (আমার দেশের জন্য আমার একটি পরিকল্পনা আছে)।
এসময় তিনি আফ্রিকান-আমেরিকান মানবাধিকার কর্মী মার্টিন লুথার কিং এর উদাহরণও টানেন। মার্টিন লুথার কিং বলেছিলেন, “আই হ্যাভ অ্যা ড্রিম।”
বিকেল ৩টা ৫০ মিনিটে মঞ্চে পৌঁছে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে তারেক রহমান বলেন, “সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলবো আমরা, যে বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন। অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন নারী, একজন পুরুষ, একজন শিশু- যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে যেন নিরাপদে ইনশাআল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে। ”
তিনি আরও বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই দেশে মানুষ কথা বলার অধিকার এবং যোগ্যতা অনুযায়ী ন্যায্য পাওনা ফিরে পেতে চায়। এখনই সময় সবাই মিলে দেশ গড়ার।
এর আগে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত মঞ্চে উঠলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে শুভেচ্ছা জানান।
বিটি/ আরকে
Tags: ‘আই হ্যাভ অ্যা প্ল্যান, তারেক রহমান