রমজান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় নিয়ে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নতুন অফিস সময়সূচি কার্যকর হচ্ছে।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, হিজরি ১৪৪৭ সনের (২০২৬ খ্রিস্টাব্দ) পবিত্র রমজান উপলক্ষে দেশের সরকারি ও সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের জন্য বিশেষ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত সময় অনুযায়ী রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। এ সময়ের মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের জন্য ১৫ মিনিট বিরতি থাকবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে বহাল থাকবে।
তবে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক বিভাগ, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান এবং জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলো তাদের নিজস্ব আইন ও জনস্বার্থ বিবেচনায় আলাদা সময়সূচি নির্ধারণ করে কার্যক্রম পরিচালনা করবে বলে জানানো হয়েছে।
এ প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার ব্যাংকের লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর ব্যাংকের অফিস সময় থাকবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এ সময়ের মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে অভ্যন্তরীণ ব্যবস্থাপনার মাধ্যমে এ বিরতির সময়ও লেনদেন কার্যক্রম চালু রাখা যাবে। শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকবে।
একইভাবে আর্থিক প্রতিষ্ঠানগুলোর অফিসও রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে এবং একই সময়ে জোহরের নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি থাকবে শুক্র ও শনিবার।
এছাড়া রমজান মাসে আদালতের কার্যক্রম রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। আদালতের অফিস সময় থাকবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। উভয় ক্ষেত্রেই দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি নির্ধারিত
বিটি/ আরকে
Tags: অফিস, রমজান, সরকারি ও আর্থিক প্রতিষ্ঠান