আর্থিক সংকটে থাকা দেশের পাঁচটি শরিয়াহভিত্তিক বেসরকারি ব্যাংক একীভূত করে নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক গঠন করছে সরকার। বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক অনুমোদন পাওয়া এ নতুন ব্যাংকের নাম ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’। ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।
রোববার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে বোর্ড অব ডিরেক্টরসের এক বিশেষ অনলাইন সভায় ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর প্রাথমিক লাইসেন্স অনুমোদন দেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত ৫ নভেম্বর ব্যাংকটির জন্য প্রাথমিক সম্মতিপত্র (LOI) ও লাইসেন্স চেয়ে আবেদন করে। সেই আবেদনের ভিত্তিতেই কেন্দ্রীয় ব্যাংক আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয়।
প্রস্তাবিত ব্যাংকের পরিচালনা পর্ষদে সাতজন সদস্য থাকছেন। চেয়ারম্যান নাজমা মোবারেক ছাড়াও সদস্য হিসেবে রয়েছেন অর্থ বিভাগের সচিব মো. খাইরুজ্জামান মজুমদার, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব এম. সাইফুল্লাহ পন্না, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ রাশেদুল আমিন এবং যুগ্ম সচিব শেখ ফরিদ।
এর আগে ৫ নভেম্বর আর্থিকভাবে দুর্বল পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংককে অকার্যকর ঘোষণা করে প্রশাসক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো হলো এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক।
এই পাঁচ ব্যাংকের সম্পদ, দায় এবং কাঠামো একীভূত করে নতুন রাষ্ট্রায়ত্ত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রশাসক হিসেবে এক্সিম ব্যাংকের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শওকাতুল আলম। সোশ্যাল ইসলামী ব্যাংকের দায়িত্বে আছেন নির্বাহী পরিচালক সালাহ উদ্দিন। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দায়িত্ব নিয়েছেন নির্বাহী পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান দিদার। গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্বে আছেন পরিচালক মো. মোকসুদুজ্জামান, আর ইউনিয়ন ব্যাংকের দায়িত্বে রয়েছেন পরিচালক মোহাম্মদ আবুল হাসেম।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন এই ব্যাংকটি শরিয়াহভিত্তিক নীতিমালা মেনে পরিচালিত হবে এবং আর্থিকভাবে দুর্বল ব্যাংকগুলোর স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখবে।
Tags: এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, শরিয়াহ ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক