সৌদি আরবের জেদ্দা সুপারডোমে রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়েছে চার দিনব্যাপী ষষ্ঠ আন্তর্জাতিক হজ সম্মেলন ও প্রদর্শনী। পবিত্র দুই মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সার্বিক পৃষ্ঠপোষকতায় এটি অনুষ্ঠিত হচ্ছে। বিশ্বজুড়ে হজযাত্রীদের সুযোগ-সুবিধা ও সেবার মান বাড়াতে আয়োজিত এই সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের ১৫০টিরও বেশি দেশের প্রতিনিধি দল অংশ নিচ্ছে। এ ছাড়া বিভিন্ন দেশের ৫২০টিরও বেশি সরকারি, বেসরকারি ও অলাভজনক প্রতিষ্ঠান এতে যোগ দিয়েছে।
সম্মেলনে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এবং ধর্ম মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ প্রতিনিধি দল। সম্মেলন চলাকালে বিভিন্ন দেশের সঙ্গে হজ কোটা নির্ধারণের পাশাপাশি দ্বিপাক্ষিক হজ চুক্তি সম্পাদিত হওয়ার কথা রয়েছে। সৌদি ভিশন ২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের সহায়তায় দেশটির হজ ও উমরা মন্ত্রণালয় এই সম্মেলনের আয়োজন করে। আগামী হজ মৌসুমের আগাম প্রস্তুতি, হজযাত্রীদের সেবার মান বৃদ্ধি ও অংশীদারিত্ব জোরদার করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। নতুন প্রযুক্তি ও স্টার্টআপ উদ্যোগের পাশাপাশি হজযাত্রার বিভিন্ন ধাপ সহজ করার বাস্তবসম্মত সমাধানও প্রদর্শনীতে গুরুত্ব পাবে।
সৌদি আরবের ভিশন ২০৩০ পরিকল্পনা বাস্তবায়নে ২০১৯ সালে পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম চালু করা হয়। এর মূল লক্ষ্য হলো হজ ও উমরা পালনকারীদের সার্বিক যাত্রা সহজ, নিরাপদ ও আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করা। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদন অনুযায়ী, শনিবার (৭ নভেম্বর) জেদ্দায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে হজ ও উমরা মন্ত্রণালয় এই আন্তর্জাতিক প্রদর্শনী ও সম্মেলনের বিভিন্ন দিক উন্মোচন করে।
সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সহকারী উপমন্ত্রী ও মুখপাত্র ড. গাসসান আলনুআইমি জানান, আগামী হজ মৌসুমের সার্বিক প্রস্তুতির জন্য এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখানে সরকারি প্রতিনিধি, সেবাদানকারী প্রতিষ্ঠান, বিশেষজ্ঞ ও বিভিন্ন দেশের হজ কর্মকর্তারা এক ছাদের নিচে সমবেত হয়েছেন। তারা হজযাত্রীদের সেবা উন্নত করতে বিভিন্ন সমস্যা চিহ্নিত করা এবং কার্যকর সমাধান ও নতুন অংশীদারত্ব তৈরিতে আলোচনা করবেন। এতে সরকারি সংস্থা, বিভিন্ন দেশের হজবিষয়ক দপ্তর, সেবাদানকারী প্রতিষ্ঠান, কোম্পানি ও বিশেষজ্ঞরা একত্র হবেন।
এবারের সম্মেলনের মূল বৈজ্ঞানিক আলোচনাকে তিনটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো—অবকাঠামো ও পরিচালনাসেবা, সক্ষমতা বৃদ্ধি ও সমন্বয় এবং উন্নয়ন ও টেকসই ব্যবস্থা। সম্মেলনে হজ কাউন্সিলের পাশাপাশি প্রযুক্তিগত বিভিন্ন উদ্ভাবনী কর্মসূচি প্রদর্শিত হচ্ছে। এ ছাড়া কর্মী ও সংশ্লিষ্টদের প্রশিক্ষণ উন্নত করতে এবারই প্রথম যুক্ত করা হয়েছে ‘অ্যাওয়ারনেস অ্যান্ড ট্রেনিং ফোরাম’, যার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সচেতনতা থেকে সক্ষমতায়’। ‘সচেতনতা থেকে সক্ষমতায়’ প্রতিপাদ্যে এ ফোরামের লক্ষ্য হজসংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণ, সচেতনতামূলক কার্যক্রম এবং দায়িত্ব পালনের প্রস্তুতি আরও উন্নত করা।
বিশাল পরিসরে আয়োজিত এই প্রদর্শনীটি ৬৭ হাজার বর্গমিটারের বেশি এলাকা জুড়ে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে রয়েছে ১৫টিরও বেশি প্রধান জোন। আকাশপথ, যাতায়াত, আবাসন, স্বাস্থ্যসেবা ও প্রযুক্তিসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান তাদের আধুনিক সেবা ও উদ্ভাবন তুলে ধরছে। হজযাত্রাকে আরও সহজ ও ঝামেলামুক্ত করতে স্টার্টআপ উদ্যোগ ও আধুনিক প্রযুক্তির নানামুখী সমাধান এখানে স্থান পেয়েছে।
মুখপাত্র গাসসান আলনুআইমি বিগত আসরগুলোর সাফল্য তুলে ধরে বলেন, আগের পাঁচটি সম্মেলনে মোট ১ হাজার ৮৫০টিরও বেশি সেবাসংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ ছাড়া ৩১০টিরও বেশি অধিবেশন ও ২৫০টি কর্মশালা অনুষ্ঠিত হয়, যেখানে ৫ লাখ ৭০ হাজারেরও বেশি দর্শনার্থী উপস্থিত ছিলেন। তিনি উল্লেখ করেন, সম্মেলনের আসল উদ্দেশ্য কেবল আলোচনা বা সমঝোতা স্মারকে সীমাবদ্ধ থাকা নয়, বরং এসব উদ্যোগকে বাস্তবে রূপ দিয়ে পরিষেবার চূড়ান্ত উন্নয়ন ঘটানো। দর্শনার্থীর সংখ্যা ছিল ৫ লাখ ৭০ হাজারের বেশি।
‘মক্কা থেকে বিশ্বে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের সম্মেলন পরিচালিত হচ্ছে। এর মূল লক্ষ্য হলো জনসমাগম ব্যবস্থাপনা, আধুনিক সেবার বিকাশ এবং প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে সৌদি আরবের দীর্ঘদিনের অভিজ্ঞতা বিশ্বমঞ্চে শেয়ার করা এবং আন্তর্জাতিক সহযোগিতা আরও সুদৃঢ় করা।
Tags: আন্তর্জাতিক হজ সম্মেলন, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, জেদ্দা সুপারডোম, পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম, সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়, হজ কোটা নির্ধারণ