নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের সম্ভাব্য তৎপরতা রুখতে মঙ্গলবার ভোর থেকেই রাজধানীজুড়ে শক্ত অবস্থান নিয়েছে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠন। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড় এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অবস্থান নিয়ে দিনভর নজরদারি চালিয়েছেন দলটির নেতাকর্মীরা। একই সঙ্গে মোটরসাইকেল শোডাউন ও মিছিলের মাধ্যমে তারা রাজপথে নিজেদের সাংগঠনিক উপস্থিতির জানান দেন। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, শিক্ষাপ্রতিষ্ঠান ও আওয়ামী লীগের দলীয় কার্যালয় ঘিরে অবস্থান, পাহারা এবং মোটরসাইকেল শোডাউন করতে দেখা গেছে বিএনপি নেতাকর্মীদের।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের নেতাকর্মীরা।
সেখান থেকে যুবদল কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আল মেহেদী তালুকদার বলেন, দেশে শান্তি, স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ণ রাখতেই তারা রাজপথে সতর্ক অবস্থানে রয়েছেন। তিনি আরও বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের নামে কেউ যেন নৈরাজ্য বা জননিরাপত্তা বিঘ্নিত করার সুযোগ না পায়, সে বিষয়ে তারা সজাগ ও ঐক্যবদ্ধ। কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে জানান তিনি।
এদিকে রাজধানীর কোনো এলাকায় যেন বিশৃঙ্খলা বা জনদুর্ভোগ সৃষ্টি না হয়, সে বিষয়ে বিশেষ নজর রাখছেন বিএনপি কর্মীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ফয়সাল আহমেদ সজল জানান, রাজনৈতিক কর্মসূচির নামে কেউ যদি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করে, তবে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে। স্বাভাবিক চলাচল নিশ্চিত রাখতে ও সার্বিক পরিস্থিতির ওপর নজরদারি করতে সকাল থেকেই তারা রাজপথে রয়েছন বলে জানান তিনি।
ছাত্রদলের নেতাকর্মীরা এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সরকারি কবি নজরুল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, তিতুমীর কলেজ ও তেজগাঁও কলেজের আশপাশে সতর্ক অবস্থান নেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রবেশপথসহ বিভিন্ন মোড়ে নজরদারি জোরদার করেন তারা। পাশাপাশি কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদের নেতৃত্বে একটি মোটরসাইকেল শোডাউন বের করা হয়, যা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে নীলক্ষেত, ধানমন্ডি, বিজয় সরণি, তেজগাঁও, কাকরাইল ও নয়াপল্টনসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
এছাড়া গুলশান এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা কর্মসূচির বিরুদ্ধে মোটরসাইকেল মহড়া দেন যুবদলের নেতাকর্মীরা। গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং ধানমন্ডি ৩২ নম্বর এলাকাতেও বিএনপির নেতাকর্মীদের মহড়া দিতে দেখা গেছে। দিনভর রাজধানীর বিভিন্ন সড়কে মোটরসাইকেল নিয়ে ঘুরে তারা নিজেদের দলীয় অবস্থান জানান দেন এবং কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সক্রিয় ভূমিকা পালন করেন।
Tags: আওয়ামী লীগ, ঢাকা, বাংলাদেশ, বিএনপি, রাজনীতি