দেশজুড়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে রাজধানীর বুকে মশাল মিছিল কর্মসূচি পালন করেছে গণঅধিকার পরিষদ। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যার পর নগরীর আল রাজি কমপ্লেক্সের সামনে থেকে মশাল মিছিলটি বের করা হয়। মিছিলটি পুরানা পল্টন হয়ে নাইটিংগেল মোড় প্রদক্ষিণ করে পুনরায় আল রাজি কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের বাড়িঘর ও পার্টি অফিসে অগ্নিসংযোগ করছে। বাসে আগুন দেওয়ার মতো তাদের পুরনো রাজনীতির বহিঃপ্রকাশ আবার দেখা যাচ্ছে। গোপালগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে সাধারণ মানুষের বাড়িঘরে হামলার ঘটনার নিন্দা জানিয়ে তিনি ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাস মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানান। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি গোপালগঞ্জের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিশেষ বাহিনীর মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আব্দুজ জাহের অভিযোগ করেন, ভারতের গোয়েন্দা সংস্থার সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠকের পরপরই আওয়ামী লীগ নতুন করে নৈরাজ্য শুরু করেছে। এছাড়া আওয়ামী লীগের কর্মকাণ্ডে জামায়াতে ইসলামীর নীরবতা নিয়ে জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি গোপালগঞ্জে বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনা তুলে ধরে এর তীব্র নিন্দা জানান।
গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ইউনুস গাজীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের মুখপাত্র আবু হানিফ, ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান, যুব অধিকার পরিষদের সভাপতি নাদিম হাসান ও শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন। এ সময় নারী অধিকার পরিষদের আহ্বায়ক সংগীতা হক, পেশাজীবী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান সুমন ও মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সভাপতি আব্দুর রহিমসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
Tags: আওয়ামী লীগ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ রাজনীতি, মশাল মিছিল, রাজনীতি