তৌহিদ মজুমদার
১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর বিএনপি সরকার ক্ষমতায় এসেছে প্রায় নয় মাস হলো। নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। মন্ত্রী-এমপিরাও যার যার দায়িত্ব বুঝে নিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, শুধু নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলেই কি রাষ্ট্র পরিচালনার সক্ষমতা অর্জিত হয়? জনগণের আস্থা নিশ্চিত হয়?
সংসদে বিএনপির আসন ২১০টি। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, রাষ্ট্র সংস্কার, প্রশাসনিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকার কতটা সফল, সেই প্রশ্ন থেকেই যায়। নির্বাচনকে অনেকেই সব সমস্যার সমাধান হিসেবে দেখেছিলেন। এখন দেখা যাচ্ছে, নির্বাচন একটি রাজনৈতিক সমস্যার সমাধান করলেও রাষ্ট্রের পুরোনো রোগগুলো ঠিকই রয়ে গেছে।
আন্তর্জাতিক মহলের অবস্থান নিয়েও অনেক আলোচনা হচ্ছে। বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবি কিংবা ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক রাখছে, সহযোগিতাও করছে। কিন্তু আন্তর্জাতিক সহযোগিতা আর একটি সরকারের রাজনৈতিক স্থায়িত্বের নিশ্চয়তা এক বিষয় নয়। আন্তর্জাতিক সংস্থাগুলো অর্থনৈতিক সংস্কার চায়, বিদেশি রাষ্ট্রগুলো চায় নিজেদের স্বার্থ ও দ্বিপক্ষীয় সম্পর্কের ধারাবাহিকতা। আমাদের সরকার পাঁচ বছর টিকে থাকবে কি না, সেই নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব তাদের নয়।
এর মধ্যে সবচেয়ে উদ্বেগজনক অবস্থা দেশের ব্যাংকিং খাতে। বাংলাদেশ ব্যাংকের জুন ২০২৬-এর হিসাব অনুযায়ী, খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা, যা মোট ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ। অর্থাৎ ব্যাংকগুলো প্রতি ১০০ টাকা ঋণ দিলে প্রায় ৩৩ টাকাই ফেরত পাচ্ছে না। ভাবা যায়!
বিগত সরকারের আমলের লুটপাট, অনিয়ম, রাজনৈতিক প্রভাব ও দুর্বল তদারকির কারণে ব্যাংকিং খাতের যে সর্বনাশ হয়েছে, তার বোঝা এখনো বয়ে বেড়াচ্ছে দেশ। খেলাপি ঋণ আদায় এবং দুর্বল ব্যাংকগুলোকে পুনরুদ্ধারের লক্ষ্যে ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট আইনের খসড়াও তৈরি হয়েছে। কিন্তু আইন তৈরি করা আর সেই আইন কার্যকর করা এক কথা নয়। প্রশ্ন হলো, প্রভাবশালী ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো রাজনৈতিক সদিচ্ছা ও প্রশাসনিক সক্ষমতা সরকার দেখাতে পারবে তো?
অন্যদিকে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, প্রশাসনিক সিদ্ধান্ত, দলীয় কর্মকাণ্ড ও রাজনৈতিক সংস্কার নিয়ে বিভিন্ন মহলে অসন্তোষ ও বিতর্ক রয়েছে। এসব প্রশ্নের কতটা সন্তোষজনক জবাব সরকার দিতে পারছে, সেটাই এখন দেখার বিষয়। শুধু বিরোধীদের সমালোচনা করে কিংবা অতীতের ভয় দেখিয়ে বর্তমানের ব্যর্থতা আড়াল করা যায় না।
এর মধ্যেই আবার শোনা যাচ্ছে জাতীয় ঐকমত্যের কথা। কেউ কেউ এমনভাবে বিষয়টি উপস্থাপন করছেন, যেন বিএনপি, জামায়াত, এনসিপি ও অন্যান্য রাজনৈতিক দল এক টেবিলে বসলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে!
বিষয়টি একটু ভেবে দেখুন। যে নির্বাচনকে সব সমস্যার মহৌষধ মনে করা হয়েছিল, সেই নির্বাচনের মাত্র নয় মাসের মাথায় আবার নতুন মহৌষধের খোঁজ!
জাতীয় ঐকমত্য অবশ্যই প্রয়োজন হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই ঐকমত্য কিসের জন্য? রাষ্ট্র সংস্কারের জন্য, জুলাই সনদ বাস্তবায়নের জন্য, অর্থনীতি পুনরুদ্ধারের জন্য, নাকি ক্ষমতার ভাগাভাগির মাধ্যমে একটি সরকারকে টিকিয়ে রাখার জন্য?
এই প্রশ্নগুলোর উত্তর আগে পরিষ্কার হওয়া দরকার।
বিএনপির সরকার পরিচালনার জন্য সংসদে সংখ্যাগরিষ্ঠতার অভাব নেই। কাজেই জামায়াত বা এনসিপিকে সরকারে যুক্ত করলেই প্রশাসনিক দক্ষতা বেড়ে যাবে, খেলাপি ঋণ আদায় হবে কিংবা বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে, এমন নিশ্চয়তা কোথায়?
জাতীয় ঐকমত্য মানেই সবাইকে মন্ত্রিত্ব দিতে হবে, এমনও নয়। রাষ্ট্র সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা, নির্বাচনব্যবস্থা, দুর্নীতি দমন ও অর্থনৈতিক শৃঙ্খলার মতো মৌলিক বিষয়ে রাজনৈতিক সমঝোতা হতে পারে ক্ষমতার ভাগাভাগি ছাড়াই। বরং এসব বিষয়ে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে একটি দীর্ঘমেয়াদি জাতীয় অবস্থান তৈরি করাই হওয়া উচিত ঐকমত্যের মূল লক্ষ্য।
সবচেয়ে বড় কথা, জাতীয় ঐকমত্যের নামে ভুল সিদ্ধান্ত নেওয়া হলে তার দায় কে নেবে? সরকার, বিরোধী দল, নাকি আবারও সেই সাধারণ মানুষ?
বর্তমান সরকারের পতন মানেই আওয়ামী লীগের প্রত্যাবর্তন, এমন কোনো অবধারিত রাজনৈতিক সমীকরণ নেই। আবার আওয়ামী লীগ ফিরে আসবে, এই ভয় দেখিয়ে যেকোনো সরকারের ভুল সিদ্ধান্তকে সমর্থন করাও কোনো সমাধান হতে পারে না। গণতন্ত্রে কোনো সরকারই সমালোচনার ঊর্ধ্বে নয়। সরকারের জবাবদিহি নিশ্চিত করাই বরং গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম শর্ত।
আমার কাছে জাতীয় ঐকমত্য কোনো রাজনৈতিক অর্জন নয়, বরং সংশ্লিষ্ট রাজনৈতিক শক্তিগুলোর জন্য একটি কঠিন পরীক্ষা। বিশেষ করে বিএনপি, জামায়াত, এনসিপিসহ সব অংশীজনের জন্য। আগামী ১৫ থেকে ২০ বছরের বাংলাদেশকে আমরা কেমন দেখতে চাই, সে বিষয়ে ন্যূনতম সমঝোতা, বাস্তবায়নের সুনির্দিষ্ট রোডম্যাপ এবং জবাবদিহির ব্যবস্থা ছাড়া ঐকমত্যের নামে শুধু ছবি তোলা আর বিবৃতি দেওয়ার কোনো অর্থ নেই।
রাষ্ট্র কোনো রাজনৈতিক দলের পরীক্ষাগার নয়। নির্বাচন করলেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না, আবার ঐকমত্য করলেই রাষ্ট্র সংস্কার হয়ে যায় না। রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজন দক্ষতা, জবাবদিহি, আইনের শাসন এবং রাজনৈতিক সদিচ্ছা।
ভুল নির্বাচনী সিদ্ধান্তের পর ভুল ঐকমত্যের সিদ্ধান্ত নেওয়া হলে সংকট কমবে না, বরং নতুন সংকটের জন্ম হবে।
দেশটা নিয়ে আর কত পরীক্ষা-নিরীক্ষা চলবে? আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, স্থিতিশীল ও বাসযোগ্য বাংলাদেশ রেখে যাওয়াই তো আমাদের সবচেয়ে বড় রাজনৈতিক ও জাতীয় পরীক্ষা!
লেখক: পেশাজীবী ও সমাজ চিন্তক
Tags: জাতীয় ঐকমত্য, তৌহিদ মজুমদার